Published : 25 May 2026, 11:02 AM
ঈদের সিনেমা 'রইদের' একটি গান 'পাগলীর প্রেম জ্বালা' দিয়ে গায়িকা হিসেবে চলচ্চিত্রে পাওয়া যাবে অভিনেত্রী নাজিফা তুষিকে।
'পাগলীর প্রেম জ্বালা' গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী, সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।
গানটি নিয়ে তুষি বলেন, "আমি মূলত অভিনয়ের মানুষ হলেও গান সবসময় আমার ভেতরের একটা ভালোবাসার জায়গায় ছিল। যখন 'রইদ' টিম আমাকে গানটি গাওয়ার কথা বলল, তখন একটু ভয়ও কাজ করছিল, দর্শক আমাকে গায়িকা হিসেবে গ্রহণ করবে কি না। কিন্তু গানটি গাওয়ার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সেটা সত্যিই অভাবনীয়।"
গত শুক্রবার রবীন্দ্র সরোবরে গানটি পরিবেশন করেছেন এই অভিনেত্রী।
গান গাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "দর্শকদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। মনে হয়েছে, গানটি মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি। 'রইদ' সিনেমার গল্প, আবহ আর গানগুলো সবকিছুই খুব মাটির কাছাকাছি। আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি দিয়েই গানটি গাইতে।"
এখন পর্যন্ত 'রইদ' সিনেমার তিনটি গান প্রকাশ পেয়েছে। সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজুর কথা, সুর ও কণ্ঠে 'রইদে আইলা গা জুড়াইতে' গানটির সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব।
গত ৭ মে প্রকাশ পায় পশ্চিমবঙ্গের প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের গাওয়া 'মন ছাড়া কি মনের মানুষ রয়' গানটি। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এই গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
সর্বশেষ ১৫ মে মুক্তি পেয়েছে মেঘদলের কণ্ঠে 'রহে না'।
'হাওয়া' খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন ‘রইদ’ সিনেমা দিয়ে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন।
'রইদ’ সিনেমার চিত্রনাট্য সাদু, তার মানসিকভাবে অসুস্থ স্ত্রী এবং তাদের জীবনযাপন ঘিরে। নির্জন এক জায়গায় বসবাস করেন এই দম্পতি। স্ত্রী সুস্থ না হওয়ায় তার কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন সাধু। সাধু বেশ কয়েকবার তার স্ত্রীকে ফেলে আসেন এমন জায়গায়, যেখান থেকে তিনি যেন আর ফিরে না আসেন।
কিন্তু সাধুর স্ত্রী শেষ পর্যন্ত ঠিক বাড়ি ফিরে আসেন।
চিত্রনাট্যে দেখানো হয়েছে বাড়ির তালগাছ থেকে একটা করে ফল পড়ে এবং সাধুর স্ত্রী ফিরে আসে। হাজার বছরের পুরোনো আখ্যান অ্যাডাম ও ইভের কাহিনী বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা সুমন।
গেল বছরের ডিসেম্বরে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেইলার। দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেইলারেও উঠে এসেছে এসব দৃশ্য।
সিনেমাটি তৈরির পেছনের ভাবনা ও গল্প নিয়ে সুমন বলেছিলেন, "সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।"
সিনেমায় সাধু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও তার স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়াসমিন রিয়াদসহ আরও অনেকে।
‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। আর প্রযোজনা করছে বঙ্গ।
সিনেমাটি চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন' বিভাগে নির্বাচিত হয়েছিল। সেখানেই সিনেমার প্রথম প্রিমিয়ার হয়।