Published : 11 Mar 2025, 04:48 PM
ভারতজুতে একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে তিন দিন পর । সেই আয়োজনটি হবে দেশটির মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানকে ঘিরে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, শুক্রবার অভিনেতার ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই চলচ্চিত্র উৎসবের আয়েজন করা হয়েছে।
মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে একটি অনুষ্ঠান করে চলচ্চিত্র উৎসবের ঘোষণা দেওয়া হয়। তাতে বলা হয়েছে ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলা উৎসবে আমির অভিনীত নানা স্বাদের সিনেমা দেখান হবে। এই বিশেষ উদযাপনের নাম ‘আমির খান: সিনেমা কা জাদুকর’।
এই উৎসবের কথা ঘোষণা করেছেন বলিউডের চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা সিনেমা দেখতে পাবেন তার অনুরাগীরা।
কথা হল, এই ঘোষণার জন্য কেন জাভেদকে বেছে নেওয়া হল? কারণ জাভেদের লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় করেছেন আমিরের। একই ভাবে জাভেদের ছেলে নির্মাতা-অভিনেতা ফারহান আখতারের প্রথম সিনেমাও আমিরের সঙ্গে।

আমিরকে নিয়ে বলতে গিয়ে জাভেদ বলেন, তিনি কিছুতেই ‘দঙ্গল’ সিনেমার কথা ভুলতে পারেন না। যেখানে বয়সের আগেই আমির হয়েছিলেন বয়োবৃদ্ধ পিতা, তিন কন্যার অভিভাবক। আমিরের জনপ্রিয় আরো বহু সিনেমার মধ্যে বর্ষীয়ান চিত্রনাট্যকার তাই দঙ্গলকে এগিয়ে রেখেছেন।
ওই অনুষ্ঠানে আমির তার দেশের সিনেমার দুইটি ইন্ডাস্ট্রির তুলনা টেনে বলেছেন, দক্ষিণের পরিচালকরা চিত্রনাট্যে প্রাধান্য দিচ্ছেন আবেগকে, যেটা বলিউডের নির্মাতার ভুলতে বসেছেন।
আমির বলেন, “আবেগ অনুভূতির প্রকাশ নানা রকম হতে পারে। সংখ্যাগরিষ্ঠ দর্শকের পছন্দ আবেগ। কিন্তু বলিউডের কাছে আবেগের কোনো পাত্তা নেই। আমাদের পরিচালক, চিত্রনাট্যকাররা আমাদের শিকড় ভুলে গেছেন।“
খুঁতখুঁতে স্বভাবের আমির সাধারণত বিরতি দিয়ে, সময় নিয়ে কাজ করেন। ‘কেয়ামত সে কেয়ামত’ দিয়ে আমিরের শুরু ১৯৮৮ সালে; তরুণ সুদর্শন নায়ককে প্রথম সিনেমাতেই লুফে নিয়েছিল দর্শক।
তখন ‘চকলেট হিরো’ তকমা সঙ্গী হয়েছিল নামের সঙ্গে। তারপর নিজেকে ভেঙেছেন-গড়েছেন। বলিউডে বহুমাত্রিক এক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
আমির সিনেমা কম করেন, কিন্তু যেটা করেন, সেটাই হিট, এমনটাই হয়ে আসছিল। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ আশাবাদীও ছিলেন আমির, তবে ফল হয়েছে উল্টো। সিনেমাটির সঙ্গে আমিরের এক দশকের পরিশ্রম যেমন আছে, তেমনি জুড়ে আছে ‘ব্যর্থতা’ শব্দটি।
২০২২ সালের পর আমিরকে আর সিনেমার পর্দায় দেখা যায়নি। ওই সময়ে তিনি কিছুদিন অবসরে থাকারও ঘোষণা দেন।
ওই সময়টিতে আমির যোগব্যায়াম করেছেন, ক্ল্যাসিকাল মিউজিকে তালিম নেওয়ার চেষ্টা করেছেন, এখানে ওখানে ঘুরে বেড়িয়েছেন, মেয়ের বিয়ে নিয়েও ব্যস্ততায় থেকেছেন।
এছাড়া পরিচালক কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমার প্রযোজনা করলেও নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর তার মুখ থেকে কেউ শোনেনি।
তবে কিছুদিন আগে আমির বলেছেন তিনি তার কর্ম জীবনের শেষ দশকে প্রবেশ করেছেন। তাই কিছুদিন আগে অভিনয়কে বিদায় জানাতে মন সায় দিলেও এখনকার সিদ্ধান্ত হল কাজের কোনো সীমা তিনি রাখতে চান না।
অভিনেতার হাতে এখন ছয়টি প্রকল্প। তবে এই ৬টি সিনেমার নাম, বা তিনি কোনটিতে অভিনয় করছেন আর কোনটি নির্মাণ করছেন সেটি প্রকাশ করেননি।
আমির বর্তমানে ‘সিতারে জামিন পার’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া তার প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমার প্রস্তুতিও শুরু হয়েছে।