Published : 03 Sep 2025, 06:56 PM
শিল্পীরা বেঁচে থাকতে যথাযথ ‘মর্যাদা পায় না’ বলে আক্ষেপ করেছেন ভারতের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। আর এই আক্ষেপ ঝরেছে মহানায়ক উত্তম কুমারের প্রসঙ্গে।
কারণ মহানায়ক বেঁচে থাকতে সরকারের পক্ষ থেকে তার জন্মদিন কখনো উদযাপন করা হয়নি বলে মন্তব্য করেছেন সাবিত্রী।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের দেশে বেঁচে থাকতে শিল্পীরা স্বীকৃতি পায় না। উত্তম কুমার নিজে জন্মদিন উদযাপন করতেন বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে। কিন্তু সরকারের তরফ থেকে মহানায়ক বলে জন্মদিন উত্তম কুমার বেঁচে থাকতে কোনো দিনও হয়নি। আমি তো দেখিনি।”

বুধবার উত্তম কুমারের ৯৯তম জন্মবার্ষিকী। দুই শতাধিক সিনেমায় অভিনয় করা উত্তম কুমারকে সুচিত্রা সেন নামটির সঙ্গে সবচেয়ে মানানসই ধরে নেওয়া হলেও অভিনেত্রী সাবিত্রীর সঙ্গে মহানায়কের জুটিও পেয়েছিল জনপ্রিয়তা। ‘শেষ অঙ্ক’, ‘মৌচাক’, ‘মরুতীর্থ হিংলাজ’, ‘ধন্যি মেয়ে’, ‘গলি থেকে রাজপথ’, ‘পথে হল দেরি’, 'নিশিপদ্ম', 'মঞ্জরী অপেরা', উত্তরায়ণ'সহ আরও অনেক সিনেমায় উত্তম-সাবিত্রী দর্শক মাতিয়েছেন।

সাবিত্রী বলেন, “উত্তম কুমারের সঙ্গে আমার জীবনে উল্লেখযোগ্য সময় 'শ্যামলী' নাটক। উত্তমকুমার যখন 'শ্যামলী' নাটক করতে আসেন, তখন অনেকেই বলেছিল সিনেমার অভিনেতা নাটকে ততটা সাফল্য পাবেন কি না! কিন্তু উত্তম কুমার মঞ্চেও যে কতটা সফল, 'শ্যামলী' তারই প্রমাণ।”

উত্তম কুমারের পরোপকারের স্বভাব নিয়ে বর্ষীয়ান এই অভিনেত্রী বলেন, “উত্তম কুমার খুব ভালো মানুষ ছিলেন। তার গুণ সম্পর্কে আপামর জনগণ জানেন। সবাইকে সাহায্য করতেন তিনি। তবে আমি তার থেকে সাহায্য কিছু পাইনি, না আমি কিছুই পাইনি তার থেকে। তার সঙ্গে অভিনয় করতে আমার ভাল লাগত, এটুকুই। তিনি তো মহানায়ক এমনিই হয়ে যাননি।”
অভিনেত্রী বলেছেন, মহানায়ক তার হৃদয়ে আছেন, হৃদয়েই থাকবেন।