১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

'শহরতলী'র বয়স ২০, আসছে 'আরেকটি প্রহর'

ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাই এবং অন্যান্য মাধ্যমে শুক্রবার প্রকাশ পাবে গানটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 08:06 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

‘থিয়েট্রিক্যাল রক’ ধারা নিয়ে দুই দশক আগে যাত্রা শুরু করেছিল গানের ব্যান্ড 'শহরতলী'। পথ চলার ২০ বছর পূর্তি উপলক্ষে আসছে তাদের তৃতীয় অ্যালবামের গান ‘আরেকটি প্রহর’। 

ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাই এবং অন্যান্য মাধ্যমে শুক্রবার প্রকাশ পাবে গানটি।  

শহরতলীর পারফর্মিং ভোকালিস্ট জিল্লুর রহমান সোহাগ বিজ্ঞপ্তিতে বলেছেন তারা ‘সম্পূর্ণ ভিন্ন ধাঁচের গান করেন’ বলে তাদের প্রতিটা গান তৈরিতে একটু বেশি সময় দিতে হয়। 

“এ বছর আমরা ভেবে রেখেছিলাম যে, ২০ বছর পূর্তি উপলক্ষে অ্যালবামের বাকি ৩টা গান রিলিজ করব। তাই আসছে ‘আরেকটি প্রহর’ গানটি।“  

সোহাগের ভাষ্য এবারেও তারা স্বতন্ত্র ছন্দে আর স্বকীয়তা বজায় রেখেই শ্রোতাদের কাছে নতুন কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।

‘আরেকটি প্রহর’ গানের গীতিকার ও ব্যান্ডের ড্রামার রবি বলেন, "এ শহরের কোণায় কোণায় লুকিয়ে আছে মৃত্যু, ওঁৎ পেতে আছে হারানোর ভয়। দৈনন্দিন জীবনে এসব কিছু জেনে বুঝেও কিন্তু আমরা প্রতিনিয়ত অজানার হাতে নিজেকে সঁপে দিচ্ছি বা দিতে বাধ্য হচ্ছি! এমন অসহায়ত্ব নিয়েই এই গানটি লেখা।" 

গত কয়েক বছরে শহরতলী তাদের তৃতীয় অ্যালবামের পাঁচটি গান প্রচার করেছে। 

ব্যান্ডের দীর্ঘ যাত্রা নিয়ে প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকালিস্ট মিশু বলেন, "আমি কৃতজ্ঞ আমাদের শ্রোতা-বন্ধুদের প্রতি, যারা এই ২০ বছর শহরতলীর পাশে ছিলেন এবং আগামীর পথচলায়ও থাকবেন। আপনাদের এতো ভালোবাসা আছে বলেই আরও নতুন উদ্যমে কাজ করার সাহস পাই।" 

সংগীতযাত্রা শুরুর পর ২০০৭ সালে শহরতলীর প্রথম গান ‘আসাদের খোলা চিঠি’ প্রকাশ হয় ‘নিয়ন আলোয় স্বাগতম’ নামের একটি মিক্সড অ্যালবামে। 

এরপর ২০১০ সালে ‘বরাবর শহরতলী’ এবং ২০১৩ সালে ‘অপর পৃষ্ঠা দ্রষ্টব্য’ অ্যালবামে রিলিজ পায় আরও ২০টি গান। 

এর মধ্যে ‘জেলখানার চিঠি’, ‘প্রস্থান’, ‘নীলিকা’, ‘গণজোয়ার’, ‘দেশমাতার কাছে চিঠি’, ‘আহবান’সহ আরও কিছু গান পরিচিতি পেয়েছে। এরই মাঝে ২০১২ সালে ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’ এ প্রকাশ পায় তাদের ‘ফেলানি’ গানটি। 

ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন মিশু খান (ভোকাল, রিদম গিটার), জিল্লুর রহমান সোহাগ (পারফর্মিং ভোকাল), সাদি মোহাম্মাদ (কি-বোর্ড), ফাহিম পাশা (লিড গিটার), মাহবুবুল আকরাম রবি (ড্রামস), ওয়াসিফ আহমেদ (বেজ গিটার) ও মাহিবুল হাসান মাহিম (সাউন্ড ইঞ্জিনিয়ার)।