Published : 25 Mar 2026, 04:38 PM
ঈদে মুক্তির পর সিয়াম আহমেদ অভিনীত ডার্ক-থ্রিলার ‘রাক্ষস’ সিনেমার শো বাড়ানো হয়েছে স্টার সিনেপ্লক্সে।
ঈদের দিন গেল শনিবার ১৪টি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শন শুরু হয়। তবে দর্শক চাহিদায় তা বেড়ে ২০টি শোয়ে এসে দাঁড়িয়েছে।

সিনেমার প্রয়োজন শাহরিন আক্তার সুমি বলেছেন, ‘দর্শকের চাহিদার কারণেই’ শো বেড়েছে ‘রাক্ষসের’।
সুমি বলেন, “ক্রমেই রাক্ষস ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিদিনই সিনেমাটির শো বাড়ছে। গত তিন দিনে সিনেমাটি থেকে দারুণ সাড়া পেয়েছি। এভাবে চলতে থাকলে দারুণ কিছু বয়ে আনবে রাক্ষস।”
‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। তাতে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স।

'রাক্ষস' সিনেমায় উঠে এসেছে একটি পাগলাটে প্রেমের গল্প। অ্যাকশন ও সহিংসতার ভরপুর এই সিনেমায সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়; আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। নায়ক শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করে।