১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা থিয়েটারের তিন নাটক: ৩০ বছর পর আফজাল

এই তিনটি নাটক হল-'পেন্ডুলাম', 'রঙমহাল’ এবং ‘দেয়াল’।

ঢাকা থিয়েটারের তিন নাটক: ৩০ বছর পর আফজাল
মহড়ার ছবি: ঢাকা থিয়েটারের সৌজন্যে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

তিনটি নতুন নাটক মঞ্চে আনতে চলেছে দেশের অন্যতম নাট্যদল ঢাকা থিয়েটার।

নাট্যদলটির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এই তিনটি নাটক হল-'পেন্ডুলাম', 'রঙমহাল’ এবং ‘দেয়াল’।

ঢাকা থিয়েটার ও দেশ নাটক যৌথভাবে মঞ্চে নিয়ে আসছে মাসুম রেজার লেখা নাটক ‘পেন্ডুলাম’; এই নাটক দিয়ে অভিনেতা আফজাল হোসেন ৩০ বছর পর মঞ্চে অভিনয় করবেন। এটি নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ।

অন্যদিকে 'রঙমহাল’ নামে আরেকটি নাটকের মধ্য দিয়ে অভিনেতা ফারুক আহমেদ এবার নাট্যনির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

আর সেলিম আল দীনের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক ‘দেয়াল’ নাটকের নির্দেশনা দিচ্ছেন অনিক ইসলাম। 

আগামী ১৮ অগাস্ট নাট‍্যচার্য সেলিম আল দীনের ৭৬ জয়ন্তী উপলক্ষে ঢাকা থিয়েটার চার দিনের নাট‍্যোৎসব আয়োজন করবে মহিলা সমিতি মঞ্চে। এই উৎসব শুরু হবে ১৫ অগাস্টে, চলবে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত।  

উৎসবে ১৫ থেকে ১৭ অগাস্ট তিন দিন ‘দেয়াল’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। 

এছাড়া ১৮ অগাস্টে সেলিম আল দীনের লেখা এবং নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ‘নিমজ্জন’ নাটকের ৯০তম প্রদর্শনী হবে। 

নাসির উদ্দীন ইউসুফ বলেন, "পেন্ডুলাম' নাটকে আফজাল হোসেন ৩০ বছর পর মঞ্চে অভিনয় করবেন। আর ‘রঙমহাল’ অভিনেতা ফারুক আহমেদের প্রথম মঞ্চ নির্দেশনা। এই দুটি নাটক মঞ্চে আসবে অক্টোবর এবং নভেম্বর মাসে।"

'দেয়াল' ও 'নিমজ্জন' নাটকের অগ্রিম টিকেটের জন্য ০১৮১৯২৩৭৬১৫ এই নম্বরে যোগাযোগ করতে হবে।