Published : 15 Dec 2025, 09:58 PM
বিজয় দিবসের আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চস্থ হল যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিটের এই পালায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানীর ‘নেতৃত্ব, কৌশল ও আত্মমর্যাদাবোধ আর সার্বভৌমত্বের প্রশ্নে তার অবস্থানকে’ তুলে ধরা হয়েছে বলে শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পালাকার এম এ মজিদের লেখা এই যাত্রাপালা পরিচালনায় ছিলেন তানভীর নাহিদ খান।
শিল্পকলা একাডেমি জানায়, মুক্তিবাহিনীর গোপন বৈঠক, গেরিলা মুক্তিবাহিনী গঠন, যুদ্ধের রণনীতি, ছাত্র-জনতার অংশগ্রহণ, নারী মুক্তিযোদ্ধাদের সংগ্রাম এবং গ্রামবাংলার আপামর জনসাধারণের প্রতিরোধচিত্র তুলে ধরা হয়েছে এ পালায়।
“যাত্রাটি একাত্তরের অকুতোভয় লড়াই, ত্যাগ-তিতিক্ষা ও চূড়ান্ত বিজয়ের ইতিহাসকে শক্তিশালী ও আবেগঘন শিল্পভাষায় উপস্থাপন করে দেশের সব নাগরিকের অধিকারকে সমুন্নত করার গল্প বলে।”
বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’।

উৎসবের প্রথম দিনের আয়োজনের অংশ হিসেবে পালাটি মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন মো. তাহাজ উদ্দিন, সুমি আক্তার, মো. শামীম খন্দকার, আব্দুল আজিজ, মানষ কুমার ঢালী, হরেন্দ্র নাথ মণ্ডল, তুষার কান্তি মল্লিক, সৌমেন রায়, মো. রইচ উদ্দীন শাহ, মো. আসকার আলি (ওয়াসীম), মো. আফসারুজ্জামান (রনি), মো. খোরশেদ আলম মণ্ডল, মো. মজীবর রহমান সেলিম, মোজাম্মেল হক, রিমা আক্তার, লাবলু উকিল, প্রণব রঞ্জন বালা, মো. হোসাইন জীবন, মোছা. লাভলী বেগম, তাসনোভা চৌধুরী, রিমি রফিক, শতরূপা ধর শ্যামা, মনিমা আক্তার মনি, ইসরাত জাহান তাসফির, দুলালী রায়, মো. আব্দুল মান্নান।
নেপথ্য শিল্পী হিসেবে ছিলেন মো. শামীম খন্দকার, মো. হোসাইন জীবন, মুনিরা মাহজাবিন, মো. শাহাবুদ্দিন মিয়া, অমিত চৌধুরী, প্রণব রঞ্জন বালা, কৃষ্ণ চন্দ্র বর্মন, মো. তানভীর আহম্মেদ, রুদ্র রায়, মো. ফরুক মিয়া, শ্যামল চন্দ্র দাস, আলম, এম এ রহিম, কমল চন্দ্র দাস, ভানু চন্দ্র ভৌমিক ও নন্দিনী আহসান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
বিজয় দিবসে কনসার্ট
মঙ্গলবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিজয় দিবস কনসার্ট’ আয়োজন করা হবে।
শিল্পকলা একাডেমি জানিয়েছে, সংগীত শিল্পী সায়ান, ব্যান্ড দল শিরোনামহীন, লালন, বাংলা ফাইভ, টংয়ের গান, আফটার ম্যাথ, ফারিয়া ইলা লালালা, ফিরোজ জং এবং এফ মাইনর কনসার্টে অংশ নেবে।
এ কনসার্ট সবার জন্য উন্মুক্ত।