১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এই বিজয়কেই চাই’, শেষ সিনেমার ট্রেইলারে ঝড় তুললেন বিজয়

‘এই বিজয় ভক্তদের ঋণ শোধ করবে’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 11:34 AM

Updated : 10 Sep 2026, 12:47 PM

‘জয় নায়াগান’ নামের যে সিনেমা করে ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা বিজয় থালাপাতি, সেটির ট্রেইলার প্রকাশ হয়েছে।

দুই মিনিটের বেশি সময়ের ট্রেইলার দেখাচ্ছে, ছোট একটি মেয়েকে বড় করার দায়িত্ব নিয়েছেন বিজয় থালাপাতি। তার স্বপ্ন মেয়েটি বড় হয়ে সেনাবাহিনীতে যাবে।

ট্রেইলারের ভিডিওতে থালাপাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস মেলে, যার মূলে দেখা যায় ববি দেওলকে। 

সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এই নির্মাতা প্রথমবারের মত বিজয়ের সঙ্গে কাজ করলেন। কদিন আগে দর্শকদের উদ্দেশে এইচ বিনোথ বলেছিলেন, “এটি একটি থালাপাতির সিনেমা, অন্তত একটি শো দেখুন। আপনাদের উত্তর পেয়ে যাবেন।”

ট্রেইলারটি সোশাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। বহু মানুষ বলেছেন, তারা বিজয়কে সিনেমাতেই দেখতে চান, রাজনীতিতে নয়। 

কেউ বলেছেন, ‘এই বিজয়কেই চাই’। কারো কথায়, ‘কেন আপনি নিজের ময়দান ছাড়বেন!’

রাজনৈতিক অ্যাকশন ঘরানার সিনেমা ‘জন নায়াগান’ মুক্তির আগেই আগাম টিকেট বিক্রিতে রেকর্ড গড়ে। এই সিনেমা মুক্তির পরই রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করার কথা বলেছেন বিজয়। 

ফেলে আসা বছরের শেষ মাসে বিজয় থালাপাতি মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে ‘জন নায়াগান’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে সিনেমা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

তার কথায়, “অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তারা আমার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করেন। তাই আগামী ৩৩ বছর তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসাবে বাকি জীবন কাটাতে চাইছি। এই বিজয় ভক্তদের ঋণ শোধ করবে।”

বিজয় থালাপাতি তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) গড়ে তোলেন ২০২৪ সালে। তখনই তিনি তামিলনাডু রাজ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। গেল বছরে তার নির্বাচনি সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচিত হন থালাপাতি।

এই তারকার সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা হেগডে, ববি দেওল, গৌতম বসুদেব মেনন, প্রকাশ রাজ ও প্রিয়মণি।

‘জয় নায়াগান’ মুক্তি পাবে শুক্রবার।