০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘মিডল ক্লাস ফ্যামিলি’ শতপর্বে

একটি পরিবারের সদস্যদের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার গল্প নিয়ে গেল মার্চ মাসে শুরু হয়েছিল নাটকটি।

‘মিডল ক্লাস ফ্যামিলি’ শতপর্বে
‘মিডল ক্লাস ফ্যামিলি’ নাটকের দৃশ্য। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 05:06 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

শতপর্বে পৌঁছেছে মধ্যবিত্তের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। 

একটি পরিবারের সদস্যদের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার গল্প নিয়ে গেল মার্চ মাসে শুরু হয়েছিল নাটকটি। 

বৃহস্পতিবার মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটির শততম পর্ব।  

বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় দেখা যাচ্ছে ‘মিডল ক্লাস ফ্যামিলি’। প্রচারের পর থেকেই দর্শকদের বেশ সাড়া মিলছে। 

চিত্রনাট্যে দেখাচ্ছে, গৃহকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন সরকার, যিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সফলভাবে কর্মজীবন শেষ করেছেন। স্ত্রী আর দুই ছেলে দুই মেয়ে নিয়ে তার পরিবার। বাড়ির বড় ছেলে মবিন ভাঙতে চায় মধ্যবিত্তের শৃঙ্খল। প্রচুর অর্থবিত্তের মালিক হতে চায় সে। এটাই তার কাছে জীবনের সাফল্য মনে হয়। বাবার মত জীবন তার পছন্দ না।

অন্যদিকে ছোট ছেলের স্বভাব তার বিপরীত। তার কাছে মনে হয় বাবার মত একজন মানুষ হতে পারাটাই জীবনের আসল সার্থকতা। দুই মেয়ে পড়াশোনা করছে। তারা স্বাধীনচেতা জীবনযাপন করতে পছন্দ করে। মা তার ছেলেমেয়েদের এখনো ছোটই মনে করেন। আদর-যত্নে সবাইকে আগলে রাখতে চান। জমিরউদ্দিন সরকার ভাবেন ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলে তিনি গ্রামে গিয়ে বাকি জীবন কাটাবেন।

কিন্তু সেটা সহজে হয়ে ওঠে না। নানারকম সংকট, প্রতিবন্ধকতা সামনে চলে আসে। জীবনসংগ্রাম আর এগিয়ে যাওয়ার ছুটোছুটির মধ্য দিয়ে তাদের ছোট ছোট সুখ-দু:খের গল্পে এগিয়ে যাবে নাটকটি।

আফনাফ শ্যামলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। 

রাজু বলেন, “গল্পটা জমিরউদ্দিন সরকারের পরিবারের হলেও এখানকার প্রতিটি চরিত্র বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর এক একটি প্রতিচ্ছবি।

“বাঙালি মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়ে থাকে সেই সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে। চরিত্রগুলোতে দর্শকরা নিজেদেরকে খুঁজে পাবেন।"

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মালসহ অনেকে।