১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চার দশক পর মঞ্চে আসছেন সৈয়দ জামিল আহমেদ

জামিল আহমেদ বলেন, “আমার ছাত্রীর নির্দেশনায় কাজ করছি, এটা আমার জন্য গৌরবের বিষয়।”

চার দশক পর মঞ্চে আসছেন সৈয়দ জামিল আহমেদ
‘গোলমাথা আর চোখামাথা’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: নাট্যদল স্পর্ধার ফেইসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 03:16 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর মঞ্চে অভিনেতা হিসেবে ফিরছেন নাট্য নির্দেশক শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। 

আগামী সপ্তাহে ঢাকার মঞ্চে তার অভিনীত ‘গোলমাথা আর চোখামাথা’ নাটকের পাঁচটি প্রদর্শনী হতে যাচ্ছে।

বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন দিনে নাটকটির প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যদল ‘স্পর্ধা: একাডেমি অব পারফর্মিং আর্টস’।

বিজ্ঞপ্তিতে স্পর্ধা জানিয়েছে, আগামী ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় হবে নাটকটির প্রথম প্রদর্শনী। এরপর ২৪ ও ২৫ জুলাই প্রতিদিন বিকেল ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আরও দুইটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটক অবলম্বনে ‘গোলমাথা আর চোখামাথা’র অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন জামিল আহমেদেরই শিক্ষার্থী মহসিনা আক্তার।

সর্বশেষ ১৯৮৪ সালে ‘ফণীমনসা’ নাটকে অভিনয় করেছিলেন জামিল আহমেদ। এরপর নির্দেশক হিসেবে দেশের নাট্যাঙ্গনে একের পর এক মাইলফলক তৈরি করলেও অভিনয়ে আর দেখা যায়নি তাকে।

দীর্ঘ ৪২ বছর পর অভিনয় জগতে ফেরা নিয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, “একজন নির্দেশকের মঞ্চে কাজ করা দরকার। মঞ্চে অভিনয় করলে অভিনয়ের সংকটটা বোঝা যায়। অভিজ্ঞতাটি নির্দেশক হিসেবে আমার কাজে লাগবে।”

নিজের ছাত্রীর নির্দেশনায় অভিনয় করা নিয়ে তিনি বলেন, “আমার ছাত্রীর নির্দেশনায় কাজ করছি, এটা আমার জন্য গৌরবের বিষয়।”

স্পর্ধা জানিয়েছে, চলতি বছরের গত এপ্রিলে মঞ্চে এসেছিল তাদের এই নতুন প্রযোজনাটি।

নাটকের চিত্রনাট্যে, ব্যঙ্গ, হাস্যরস আর নানান প্রশ্নের মধ্য দিয়ে সমাজের চেনা সমীকরণগুলোকে নতুন করে ভাবানোর গল্প বলবে ‘গোলমাথা আর চোখামাথা’।

নাটকটিতে সৈয়দ জামিল আহমেদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তিতাস জিয়া, ফাইযা চৌধুরী, ফাতিমা নুজহাত কাদেরী, শামস ইমন, ইভা আফরোজ খান ও নুসরাত জাহানসহ আরও অনেকে।