১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পাগল মন’, ‘রেললাইন বহে সমান্তরাল’ শোনানো হল না খালেদা জিয়াকে, দিলরুবার আক্ষেপ

“ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মত চিরকাল।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 08:16 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

‘পাগল মন’ আর ‘রেললাইন বহে সমান্তরাল’ গানদুটোর জন্য এক সময়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীতশিল্পী দিলরুবা খান, গানগুলো ফিরেছে মানুষের মুখে মুখে। 

ওই গানদুটি পছন্দ করতেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও, এমনকি সেগুলো তিনি শুনতে চেয়েছিলেন দিলরুবার মুখ থেকে আলাদা করে। 

তবে খালেদা জিয়ার সেই ইচ্ছা পূরণ করতে পারলেন না দিলরুবা। দীর্ঘ অসুস্থতায় মঙ্গলবার অনন্তলোকে পাড়ি দিয়েছেন তিনি। সেই আক্ষেপের কথা জানিয়ে এই রাজনীতিকের প্রয়াণে শোক জানিয়েছেন দিলরুবা। 

ফেইসবুকে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরেছেন এই গায়িকা। 

খালেদা জিয়ার সাহস ও দৃঢ়তার প্রশংসা করে দিলরুবা বলেন, “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।চিরবিদায় নিলেন সময়কে অতিক্রম করা এক আপোষহীন নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন সাহস, মমতা ও দৃঢ়তার অনন্য সংমিশ্রণ। বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন, আর একজন মানবিক মানুষ হিসেবে তিনি অগণিত হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর স্মৃতি ও অবদান জাতি কোনোদিন ভুলবে না।”

আক্ষেপ ঝরেছে দিলরুবার কথায়। 

তিনি বলেন, “হে আল্লাহ, আমার নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে স্থান দিন এবং তাঁকে সম্মানিত করুন। আপনার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক স্মৃতি, যার মধ্যে একটি আক্ষেপ আমার আজীবন থেকে গেল। 

“২০০৩ সালে ২৭শে সেপ্টেম্বর, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমি গ্রহণ করেছিলাম জিসাস প্রদত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক’। সেই মুহূর্তটি আমার জীবনের এক অনন্য গৌরব। ম্যাডাম, আপনি সেদিন স্নেহভরে বলেছিলেন যে সময় করে তোমার কাছ থেকে ‘পাগল মন’ আর ‘রেললাইন বহে সমান্তরাল’ এই দুটি গান শুনবো। আমার দুর্ভাগ্য যে আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না।”

দিলরুবার কথায়, খালেদা জিয়া চলে গেলেও, আদর্শ, ভালোবাসা, আর সাহসী নেতৃত্ব ‘পথ দেখিয়ে যাবে’।

“ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মত চিরকাল।”

গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।

খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম যেন শোকবইয়ে রূপ নিয়েছে। 

রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে নানা শ্রেণি–পেশার মানুষ শোক প্রকাশ করছেন। শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের শিল্পীরাও।