১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমার মানহানির চেষ্টা হচ্ছে: মেহজাবীন

“নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই।”

আমার মানহানির চেষ্টা হচ্ছে: মেহজাবীন
মেহজাবীন চৌধুরী। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 10:08 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ব্যাগে ‘মদের বোতল থাকায়’ গেল বছর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার ঘটনা সম্প্রতি খবরের শিরোনাম হওয়ায় বিব্রত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। 

এসব খবর প্রচার করে তার ‘সম্মানহানির চেষ্টা করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন মেহজাবীন। 

ফেইসবুকে এক পোস্টে মেহজাবীন বলেছেন, তাকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে’।

সংবাদমাধ্যমে আসা খবরে বলা হয়েছে, গত বছরের অগাস্টে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে ফেরার সময় মেহজাবীন চৌধুরীকে আটক করা হয়। ওই সময় তার লাগেজে ১৪ বোতল মদ পাওয়া যায়। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

এই খবরটি দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

এরপর ফেইসবুকে পোস্টে মেহজাবীন বলেন, কিছুদিন ধরে তাকে নানা বিষয়ে ‘টার্গেট’ করা হচ্ছে। 

“আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।” 

তিনি সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে নারী শিল্পীদের সম্মানহানির কথাও একই পোস্টে তোলেন। 

অভিনেত্রী লিখেছেন, “সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মত অনেক আর্টিস্টকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।”

এ বিষয়ে জানতে মেহজাবীনকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। 

গেল বছরের শেষে ‘অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে একটি মামলা হয় মেহজাবীনের বিরুদ্ধে। শুনানি নিয়ে চলতি বছরের শুরুতে আদালত মেহজাবীনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। 

রোজার ঈদ ঘিরে ওটিটিতে মুক্তির অপেক্ষায় অভিনেত্রীর ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন প্রীতম হাসান।