১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেমি-ফাইনালে আর্জেন্টিনা: তারকাদের উল্লাস ও স্কালোনিকে পরামর্শ

এই জয়কে নিজের জন্য উপহার মনে করছেন কেউ কেউ।

সেমি-ফাইনালে আর্জেন্টিনা: তারকাদের উল্লাস ও স্কালোনিকে পরামর্শ
আর্জেন্টিনার সমর্থক তারকাদের ছবি। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 02:47 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

শিরোপা ধরে রাখার অভিযানে শেষ চারে পৌঁছেছে আর্জেন্টিনা।  সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দলটি।

প্রিয় দলের এমন সাফল্যে সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি উল্লাসে মেতেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। 

ফেইসবুকে পোস্টে তারা প্রকাশ করছেন নিজেদের উচ্ছ্বাস, সেই সঙ্গে কেউ কেউ দলকে দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয় নিয়ে নিয়ে অভিনেতা নিলয় আলমগীর  উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, "৩-১ গোলের দারুণ জয়।"

আর্জেন্টিনার জয়কে নিজের জন্মদিনের সেরা উপহার হিসেবে দেখছেন ছোটপর্দার নির্মাতা মোহন আহমেদ। 

খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, "আমার জন্মদিনে আমার জন্য বেস্ট গিফট। ধন্যবাদ আর্জেন্টিনা টিম।"

দলের জয় উপভোগ করার পাশাপাশি দলের কোচ লিওনেল স্কালোনিকে পরবর্তী ম্যাচের জন্য কিছুটা সতর্ক ও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। 

আনচেলত্তির কৌশলগত ভুলের উদাহরণ টেনে তিনি লিখেছেন, "প্রিয় স্কালোনি খুশি হওয়ার কিছু নাই! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য প্লেয়ারদের কে খেলাও ! আনচেলেত্তির মত ভুল করো না। সেমিফাইনালের জন্য শুভকামনা।"

ঢাকাই সিনেমার অভিনেত্রী পূর্ণিমা আর্জেন্টিনার এই জয়কে দেখছেন নির্ভেজাল ভালোবাসার জায়গা থেকে। তিনি লিখেছেন, "নির্ভেজাল আবেগ। নির্ভেজাল উন্মাদনা। সেমিফাইনালে আর্জেন্টিনা!

অন্যদিকে, প্রতিপক্ষের নানামুখী ট্রল ও সমালোচনাকে একহাত নিয়েছেন সংগীতশিল্পী রাসেল মাহমুদ। মেসির প্রশংসা করে তিনি লিখেছেন, "নাচতে না জানলে উঠান বাঁকা, আর খেলতে না জানলে মেসি'র টাকা। ভামোস আর্জেন্টিনা"

আর্জেন্টিনার প্রতি ভক্তদের দীর্ঘদিনের অবিচল ভালোবাসার কথা তুলে ধরেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার ফুটবল যাত্রার কঠিন ও হৃদয়ভাঙা সময়গুলোর স্মৃতিচারণ করে তিনি এক দীর্ঘ পোস্টে লিখেছেন, “আমরা যারা আর্জেন্টিনার ফ‍্যান….. ২০২২ এর আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে, দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। তাই আর্জেন্টিনার সমর্থক হতে হলে মনোবলটা সত্যিই অনেক শক্ত হতে হয়। আমরা ২০০২-এর হতাশা দেখেছি, ২০০৬-এর আক্ষেপ দেখেছি, ২০১০-এর ব্যর্থতা দেখেছি, ২০১৪-এর ফাইনালে হৃদয়ভাঙা দেখেছি, ২০১৮-এর কষ্ট দেখেছি। তারপরও দল ছাড়িনি। 

“অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলত, আরজেতেনা। বছরের পর বছর ধৈর্য ধরে, বিশ্বাস ধরে, ভালোবাসা ধরে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে আমাদের সেই আকাঙ্খিত বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।”

সমালোচকদের উদ্দেশে নাদিয়া আরও লিখেছেন, “আর্জেন্টিনার সমর্থকরা কয়টি বিশ্বকাপ জিতেছে, সেই হিসাব দেখে এই দলকে ভালোবাসে না। তারা ভালোবাসে দলের ইতিহাস, জার্সি, আবেগ আর পরিচয়কে। এরা ট্রফির জন্য নয়, ভালোবাসার জন্য পাশে থাকে। আর্জেন্টিনা আমাদের কাছে শুধু একটি ফুটবল দল নয়; এটি একটি অনুভূতির নাম। তাই আমাদের ভেঙে দেওয়া এত সহজ নয়। 

“আজ আমরা চাপমুক্ত হয়ে খেলা উপভোগ করবো। ২০২১ এর কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টিনার ঝুলিতে আছে অনেক অনেক সফলতার গল্প… তাই কারও হিংসাত্মক কথায় আজ আমাদের আবেগকে একটুও ছোট করতে পারবে না।”