Published : 05 Apr 2026, 03:27 PM
সাত বছর আগে বলিউডি পরিচালক নিতেশ তিওয়ারির ভেবেছিলেন বড় পর্দার জন্য রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে একটি সিনেমা বানাবেন। এর মাঝে তৈরি হয়েছে চিত্রনাট্য, অর্থ জোগাড়ে সময় গেছে, অভিনেতা-অভিনেত্রীদের তালিকাও কয়েক দফা বদলেছে। অবশেষে তিওয়ারির সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।
প্রকাশ্যে এসেছে ‘রামায়ণ’ সিনেমার ঝলক। যা প্রকাশের পর দর্শকরা আগ্রহী হয়েছেন। তবে এই আগ্রহের মূল কারণ রাণবীর সিং। এই সিনেমায় রাণবীর আসছেন তিনটি চরিত্রে। তবে তার মূল চরিত্র ‘রাম’।
এনডিটিভি লিখেছে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ‘রামায়ণের’ বিশেষ প্রদর্শনী হয়েছে।
সেখানে রাণবীর কাপুর বলেন, “আমি ‘রাম’কে প্রতিনিধিত্ব করতে আসিনি, বরং তার কাছ থেকে শেখার জন্য এসেছি। এক কথায় বলতে পারি তার সরলতা ও পবিত্রতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।”

‘রাম’ হয়ে উঠতে নিজেকে দীর্ঘ সময় নিয়ে প্রস্তুত করেছেন রাণবীর। খাবারের তালিকায় রাশ টানেন আরও দুবছর আগে থেকে। ছেড়ে দেন সুরা পানও।
পরিচালক তিওয়ারির কথায়, ‘রামের যাত্রা ভীষণ মানবিক’, তারা সেই দিকটি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
মুম্বাইয়ে টিজার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “যে সাত বছর সময় লেগেছে, সেটি অনিশ্চিত ও একাকী নিঃসন্দেহে।”
তবে দর্শকদের প্রতিক্রিয়ায় তিনি এই কাজটি নিয়ে আশাবাদী বলেও জানিয়েছেন।
‘রামায়ণ’ রাণবীরকে কেবল রাম নয়, ‘বিষ্ণু’ ও ‘মহর্ষি পরশুরাম’ এর চরিত্রেও দেখা যেতে পারে। তিনটি চরিত্রের মাধ্যমে রাণবীর বিষ্ণুর বিভিন্ন অবস্থার সংযোগ তুলে ধরবেন বলে আভাস দিয়েছেন পরিচালক।
তিওয়ারি এই সিনেমায় বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকাদের সমাবেশ ঘটিয়েছেন। সাই পল্লবী হয়েছেন ‘সীতা’, সানি দেওল ‘হনুমান’, যশ ‘রাবণ’, রবি দুবে ‘লক্ষ্মণ’ এর চরিত্রটি করছেন।
এছাড়া রাঘব জুয়াল ‘মেঘনাদ’, কাজল আগরওয়াল ‘মন্দোদরি’ এবং রাকুল প্রীত সিংকে ‘শূর্পণখা’ চরিত্রে দেখা যেতে পারে।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে ধরা হচ্ছে। অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট নির্মাণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও দৃশ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
এছাড়া দুই খ্যাতিমান সুরকার হান্স জিমার এবং এ আর রহমান এই সিনেমায় সংগীত পরিচালনার কাজ করেছেন।
‘রামায়ণ’ মুক্তি পাবে দুই পর্বে। প্রথম অংশ প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব আসছে ২০২৭ সালের দীপাবলিতে।
২০২৩ সালে ৫০০ কোটি রুপির বেশি খরচ করে পরিচালক ওম রাউত পরিচালিত রাম-রাবণ-সীতার কাহিনী নিয়ে বানিয়েছিলেন 'আদিপুরুষ'। যেখানে রাম হয়েছিলেন দক্ষিণী তারকা প্রভাস, সীতা হন বলিউডের কৃতি শ্যানন আর রাবণের ভূমিকায় কাজ করেছিলেন সাইফ আলী খান। তবে মুক্তির আগে থেকেই নানা বিতর্ক-সমালোচনা সঙ্গী করে আসা 'আদিপুরুষ' হলে আসার পরও তেমন দর্শক টানতে পারেনি।