Published : 05 Jul 2025, 07:28 PM
এবারের প্যারিস ফ্যাশন উইকে এক নতুন চমক নিয়ে হাজির হন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। তিনি সেখানে তার নতুন পাঞ্জাবি গান ‘ইয়ারা’ পরিবেশন করেন।
চমক কেবল সেখানেই ছিল না। পরিবেশনার সময় মঞ্চের সামনের সারিতে বসে মাথা দুলিয়ে গানটি উপভোগ করেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের তারকা শিল্পী জে-হোপ।
জো-হোপের মাথা দোলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রহমান নিজেও।
আর তা দেখে গুঞ্জন শুরু হয় দুজনের ভক্তদের মধ্যে। তারা জানতে উদগ্রিব, রহমান আর জে-হোপকে একসঙ্গে কবে দেখা যাবে!
‘ইয়ারা’ গানটি রহমান তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের সংগীত প্রযোজক ফারেল উইলিয়ামসের সঙ্গে।
গানটি পাঞ্জাবি ভাষার হলেও এতে দুই সংগীত পরিচালক ভারতীয় ধ্রুপদী সুর রেখেছেন। এছাড়া বাজনার সঙ্গে ওয়েস্টার্ন মিউজিক মেলানো হয়েছে।
রহমান বলেছেন, গানটিকে তিনি মনে করেন সাংস্কৃতিক সেতুবন্ধের নতুন প্রয়াস।
কিন্তু এ গানকে ঘিরে যত না আলোচনা, তার থেকেও বেশি আলোচনা চলছে জে-হোপ আর রহমানের আগামী কাজের জল্পনা নিয়ে।
বিশ্বসংগীতে বেশ কয়েকজন শিল্পীর যৌথভাবে করা কাজ বা ‘ক্রসওভার’ সাড়া তোলে গত বছর। ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস মার্টিনের ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে প্রশংসা, মুম্বাইয়ে এড শিরান ও শাহরুখ খানের একসঙ্গে তাল মেলানো এছাড়া অরিজিৎ সিং ও ডিজে মার্টিন গ্যারিক্সের একসঙ্গে পারফর্ম আলোচনার খোরাক যুগিয়েছে। এসব পরিবেশনা ভক্তদের কাছে ছিল ‘স্বপ্নের মত’।
আর এই তালিকায় এবার যুক্ত হল রহমানের গানের সঙ্গে বিটিএসের জে-হোপের মাথা দোলানোর ঘটনা।
জে-হোপ কিছুদিন আগে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে। তাই তার নতুন কাজের প্রতি ভক্তরা নজর রাখছেন।
রহমানের শেয়ার করা ভিডিওতে কেউ মন্তব্য করেছেন, “জে-হোপ আর রহমান কবে আসবেন?”
কেউ বলেছেন, “জে-হোপ যদি ‘উর্বশী’ বা ‘মুক্কাবেলা’ গানের তালে নাচেন, তাহলে আমরা স্তব্ধ হয়ে যাব।”
“যদি বিটিএস অন্য কারও সঙ্গে কাজ করে, যেটা যেন রহমানই হন। তিনি জিনিয়াস”, বলেছেন একজন।
তবে রহমান ভিডিও পোস্ট করেই শেষ, জে-হোপের সঙ্গে কাজ নিয়ে কোনো কথাই তিনি বলছেন না।