Published : 23 Dec 2025, 09:22 PM
বড়দিনের ছুটিতে দুইদিনব্যাপী 'রাইজ অ্যান্ড শাইন' নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যদল বটতলা।
বটতলা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটি।
ইতালীয় নাট্যকার দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামে যৌথভাবে এই নাটক রচনা করেন, যার বাংলা রূপান্তর করেন আবদুস সেলিম। নির্দেশনায় ম. সাঈদ।
একজন শ্রমজীবি নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের মোড়কে শোষিত, নিপীড়িত মানুষের গল্প, ক্ষমতাচর্চার বিবিধ সমীকরণে পিষ্ট মানুষ কীভাবে বাঁচে, তারই শিল্পিত উপস্থাপন এই নাটক।
বটতলা বলছে, “নাটকের কাহিনী একটি কারখানার কর্মজীবী যুবতীকে নিয়ে, যার জীবনযাপন ফাঁদের ভেতর আটকা। স্বামী, শিশুসন্তান, কারখানার চাকরি ও হতদরিদ্র বাসগৃহ সব মিলিয়ে দৈনন্দিন নানা টানাপোড়েন তাকে এক অসহায় আবর্তে বেঁধে রেখেছে।
“রোজ সকালে দলে দলে যেসব নারীকে আমরা রাস্তা পার হতে বা ফুটওভার ব্রিজে উঠতে–নামতে দেখি, তেমনই এক নারীর প্রতিদিনের জীবনাচার, সংসারের ঘ্যানচক্কর, চুপচাপ সয়ে যাওয়া জীবন, মাল্টিন্যাশনাল ক্রেতার জন্য তৈরি পোশাকের কারখানায় কষ্টকর ওভারটাইম, উদাসীন স্বামীর বদমেজাজ এবং একদিন সব ছেড়ে জ্বলে ওঠার চেষ্টার গল্প নিয়েই নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’।”
বটতলা লিখেছে, "বরাবরের মতই এই বিরুদ্ধ সময়ে রাজনৈতিক ভাষ্যে সরব বটতলা। যখন বিবিধ সন্ত্রাসে বিপর্যস্ত সময় ও সমাজ তখন নাট্যমঞ্চই লড়াইয়ের মঞ্চ আমাদের।"