Published : 15 Jun 2026, 11:53 PM
দেশ ‘নজরুল বর্ষ’ উদযাপনে ২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এ বর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় এ তথ্য তুলে ধরা হয়।
আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হবে। আয়োজন সফল করতে ৬৪টি জেলার প্রতিটিতে আড়াই লাখ টাকা এবং ৭৪টি প্রত্যন্ত উপজেলার প্রতিটির জন্য দেড় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “বিগত দিনে কবি নজরুলকে সুপরিকল্পিতভাবে অন্ধকারে নিমজ্জিত করার একটা গভীর অপচেষ্টা চালানো হয়েছিল। কাজী নজরুল ইসলামকে এ দেশের মানুষের মন ও স্মৃতি থেকে চিরতরে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল।
“দেশে এখন একটি সাংস্কৃতিক পুনর্জাগরণ শুরু হয়েছে। নতুন এই যুগের সূচনাতেই নজরুলই আমাদের সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং সাহসের অনন্য অনুপ্রেরণা।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে বলা হয়, নজরুল বর্ষের কর্মসূচির মধ্যে আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বড় পরিসরে ‘নজরুল মেলা’, আন্তর্জাতিক নজরুল গবেষক সম্মেলন, দেশব্যাপী নজরুল প্রতিযোগিতা এবং নজরুলের নির্বাচিত শ্রেষ্ঠ লেখা নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা রয়েছে।
মাসভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘নারী মুক্তিতে নজরুলের অবদান’ নিয়ে কাজ, ডিসেম্বরে দেশাত্মবোধক নজরুল সংগীতের বড় আয়োজন এবং পবিত্র রমজান মাসে কবির কালজয়ী হামদ-নাত নিয়ে বিশেষ অনুষ্ঠানের রূপরেখা প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাব বর্তমানে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।
সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব কানিজ মওলা উপস্থিত ছিলেন।