১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রুক্মিণী না ইধিকা, ‘প্রিন্স’ শাকিবের ‘প্রিন্সেস’ কে?

শাকিবের বিপরীতে বাংলাদেশের অভিনেত্রীর নাম এখনো চূড়ান্ত করেনি প্রযোজনা সংস্থা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

আগামী ঈদে সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ নামের যে সিনেমা আসছে, তাতে একাধিক নায়িকা অভিনয় করছেন।

তবে পাল্লা ভারি কলকাতার দিকে। আনন্দবাজার লিখেছে ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের বিপরীতে কলকাতা থেকে থাকছেন রুক্মিণী মৈত্র ও ইধিকা পাল। তবে বাংলাদেশের অভিনেত্রীর নাম এখনো চূড়ান্ত করেনি প্রযোজনা সংস্থা। 

এর আগে সিনেমার নাম ঠিক হয়েছিল ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। সে সময় সিনেমার পরিচালক মাহমুদ এবং কার্যনির্বাহী প্রযোজক অরিন্দম দাস জানিয়েছিলেন, দুর্গাপূজার সময়ে শুটিংয়ের জন্য জায়গা খুঁজতে কলকাতায় আসবে সিনেমা টিম। 

নায়িকা ছাড়াও কলকাতার আরো কয়েকজন অভিনয় শিল্পী এই সিনেমায় থাকবেন। থাকছেন ঢাকার পরিচিত কয়েক মুখও। 

শুটিংয়ের কাজ দেশের বাইরে কলকাতা ছাড়াও, মুম্বাই, দক্ষিণ ভারত মিলিয়ে চলবে।

এছাড়া ‘প্রিন্স’ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা-এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের কয়েকজন। পরিচালক মাহমুদ বলেছেন, এই সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন।

সিনেমায় নব্বইয়ের দশকের অন্ধকার দুনিয়া উঠে আসবে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে প্রস্থেটিক রূপটানও।

সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’।