১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এল 'রামায়ণ' ট্রেইলার: রাণবীর-যশে মুগ্ধ ভক্তরা

চার মিনিট নয় সেকেন্ডের ট্রেইলারে রামের  ভূমিকায় রাণবীর কাপুর ও রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশের মুখোমুখি লড়াই সোশাল মিডিয়ায় বেশ সাড়ে ফেলেছে।

এল 'রামায়ণ' ট্রেইলার: রাণবীর-যশে মুগ্ধ ভক্তরা
'রামায়ণ' সিনেমার দৃশ্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 12:25 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল নিতেশ তিওয়ারির 'রামায়ণ' সিনেমার ট্রেইলার। 

চার মিনিট নয় সেকেন্ডের ট্রেইলারে রামের ভূমিকায় রাণবীর কাপুর ও রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশের মুখোমুখি লড়াই সোশাল মিডিয়ায় বেশ সাড়ে ফেলেছে।   

এনডিটিভি লিখেছে, ট্রেইলারে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র উঠে এলেও হনুমান চরিত্রে সানি দেওলের অনুপস্থিতি দর্শকদের নজরে পড়েছে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাম ও রাবণের দ্বৈরথ।

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি প্রশংসা কুড়াচ্ছেন যশ। খল চরিত্রে অভিনয় করেও দর্শকের মন জয় করে নিয়েছেন এই তারকা।

এক্সে এক ভক্ত লিখেছেন, "স্ক্রিন প্রেজেন্স কাকে বলে, তা আবার প্রমাণ করলেন যশ। খল চরিত্রে অভিনয় করেও প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি করতালি তিনিই পাবেন।" 

আরেকজন মন্তব্য করেছেন, "রাবণের ভয়াল রূপ, তীব্রতা এবং রাজকীয় ভাব প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে। কোনো কথা না বলেও পর্দা নিজের দখলে রাখা যাকে বলে, যশ ঠিক তা-ই করে দেখিয়েছেন।" 

ট্রেইলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক, লঙ্কাপতির ভিজ্যুয়াল এবং আন্তর্জাতিক মানের ভিএফএক্স এরও প্রশংসা করেছেন সিনেমাপ্রেমীরা। বিশেষ করে রাবণ ও জটায়ুর যুদ্ধের দৃশ্যটি নিয়ে সোশাল মিডিয়ায় চলছে আলোচনা। 

একজন ভক্ত লিখেছেন, পরিচালক নিতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা ভারতের এই মহাকাব্যকে যে বিশাল ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন, তা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করবে।  

এ সিনেমার বাজেট প্রায় চার হাজার কোটি টাকা, যা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল প্রকল্প। অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট নির্মাণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও দৃশ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে। 

সিনেমার প্রযোজক নমিত মালহোত্রা এক সাক্ষাৎকারে বলেন, "ছয়-সাত বছর আগে যখন আমরা এই কাজ শুরু করি, অনেকেই একে অসম্ভব ভেবেছিলেন। তবে আমরা বিশ্বমঞ্চে ভারতের সেরা মহাকাব্যকে তুলে ধরতে চেয়েছি। বাজেট বড় হলেও আমরা অত্যন্ত হিসাব-নিকাশ করেই এগোচ্ছি।"

তিওয়ারি এই সিনেমায় বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকাদের সমাবেশ ঘটিয়েছেন। সাই পল্লবী হয়েছেন ‘সীতা’, সানি দেওল ‘হনুমান’, যশ ‘রাবণ’, রবি দুবে ‘লক্ষ্মণ’ এর চরিত্র করছেন।

এছাড়া রাঘব জুয়ালকে ‘মেঘনাদ’, কাজল আগরওয়ালকে ‘মন্দোদরি’ এবং রাকুল প্রীত সিংকে ‘শূর্পণখা’ চরিত্রে দেখা যেতে পারে।

এ সিনেমায় সংগীত পরিচালনার কাজ করেছেন দুই খ্যাতিমান সুরকার হান্স জিমার এবং এ আর রহমান।

‘রামায়ণ’ মুক্তি পাবে দুই পর্বে। প্রথম অংশ প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরের দীপাবলিতে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।