১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘হীরামান্ডি’তে কত কোটির গয়না রিচার গায়ে?

সাক্ষাৎকারে রিচা বলেছেন, তাদের সবার গয়নাই ছিল আসল। কোনো নকল গয়না সিনেমায় ব্যবহার করা হয়নি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:33 PM

Updated : 01 Sep 2026, 09:04 PM

ওয়েব সিরিজ 'হীরামান্ডি' দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছে বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির। এই নির্মাতার কাজ মানেই জমকালো আয়োজন। তার ব্যতিক্রম দেখা যায়নি এখানেও। সব ছাপিয়ে মুঘল ঘরানার নকশাকাটা গয়না পরা অভিনেত্রী রিচা চাড্ডাসহ অনান্য অভিনেত্রীরা আলোচনায় এসেছেন। সবার প্রশ্ন, কত টাকার গয়না পরেছেন তারা?

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এক সাক্ষাৎকারে রিচা বলেছেন, তাদের সবার গয়নাই ছিল আসল। কোনো নকল গয়না সিনেমায় ব্যবহার করা হয়নি। 

তিনি বলেন, “আমি যেসব গয়না পরেছিলাম, সেগুলোর দাম কোটি রুপির অনেক ওপরে। যদি এসব গয়না নিয়ে পালিয়ে যেতাম, তাহলে বিক্রি করে যা পেতাম তা দিয়ে বোধহয় একটি সিনেমা বানিয়ে ফেলা যেত।”

চলতি মাসের এক তারিখে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘হীরামান্ডি'। আট পর্বের এই সিরিজ তৈরিতে বানসালির খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। এই প্রথম কোনো ভারতীয় সিরিজের নির্মাণে এমন বিপুল অর্থ খরচ হয়েছে।   

সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। এই ছয় অভিনেত্রী হলেন- মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগল। সবাই পর্দায় এসেছেন সোনালি পোশাক আর গা ভর্তি গয়না নিয়ে। 

পরাধীন ভারতে তিন প্রজন্মের গণিকাদের জীবনযাপনের কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘হীরামান্ডি’র চিত্রনাট্য। 

পরিচালক জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে বিষয়টা নিয়ে তিনি গবেষণা করেছেন এবং চিত্রনাট্য লিখেছেন। সিরিজটিতে আরও অভিনয় করেছে ফারদিন খান ও অধ্যয়ন সুমন।