Published : 16 Dec 2025, 10:27 PM
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ভারতের কলকাতায় এসেছিলেন ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ এর অংশ হিসেবে। সেখানে মেসির সঙ্গে ছবি তোলার খেসারত দিতে হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে।
শনিবারের ওই ঘটনায় এনীরবতা ভেঙে সমালোচনাকারীদের উদ্দেশ্যে শুভশ্রী প্রশ্ন রেখেছেন, “আমার দোষ কী!”
একটি বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভার্চুয়ালি উন্মোচন করা হয়েছে মেসির বিশাল ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য। কলকাতায় মেসির সঙ্গে দেখা করেন হলিউডি তারকা শাহরুখ খান থেকে শুভশ্রীসহ অনেক তারকা।
আনন্দবাজার লিখেছে, মেসির সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী। এর পর অভিনেত্রীকে নিয়ে ট্রল শুরু হয়।
এ নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। আইনের পথেও হেঁটেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে কথা বললেন শুভশ্রী।
অভিনেত্রী জানিয়েছেন, তিনি মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। সে অনুযায়ী নির্দিষ্ট হোটেলে শনিবার সকালে পৌঁছে যান। সেখানেই মেসির সঙ্গে প্রথম দেখা হয় এবং সেখানে তিনি ছবি তোলেন।
"আমি সাড়ে ৮টা নাগাদ হোটেলে পৌঁছাই এবং ১০টা থেকে ১০টা ১৫ পর্যন্ত মেসির সঙ্গে সাক্ষাৎ হয়। ছবি তুলি। আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম, তখন মেসির জনসংযোগ দল থেকে আমাকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার অনুরোধ জানানো হয়। তারা জানিয়েছে, মেসিকে ঘিরে নানা ব্যবস্থাপনা রয়েছে। আমি গেলে তাদের সুবিধা হবে।"
সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে কেন শুধু শুভশ্রীকে আমন্ত্রণ জানানো হল? তিনি শাসক দলের বিধায়কের স্ত্রী বলেই কি এই বিশেষ সুবিধা পেয়েছেন?
এই প্রশ্নে অভিনেত্রী বলেন, “এই উত্তর ওদের পিআর টিম বেশি ভালো দিতে পারবে।”
সেদিন হোটেল থেকে বেরিয়ে যুবভারতী পর্যন্ত যান শুভশ্রী। সে সময় অভিনেত্রীর সহযোগী দলের কর্মীরা ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করার চেষ্টা করতে থাকেন; কিন্তু মাঠে জ্যামার থাকায় ছবিগুলো তখন পোস্ট হয়নি বলে শুভশ্রীর ভাষ্য।
সেদিন বেলা সাড়ে ১১টায় মাঠে এসে পৌঁছান মেসি।
অভিনেত্রী বলেছেন, নিজের চোখে তিনি মাঠের পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেন। আয়োজকদের গাফিলতির কথাও তুলে ধরেন।
শুভশ্রী বলেন, "আমি নিজেও মাঠের পাশের তাঁবুতে বসে মেসিকে দেখতে পাচ্ছিলাম না। আপনারাই–বা কীভাবে দেখবেন? কিন্তু আমি কি মাঠে ছিলাম? আমি কি আপনাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? যেভাবে আমাকে কটাক্ষ করা হচ্ছে, যেন আমি মেসির পাশে মাঠে দাঁড়িয়ে ছিলাম। আমার কী দোষ?
“হোটেলে গিয়ে ছবি তোলা আমার দোষ? ভুল সময়ে প্রযুক্তির কারণে ছবি পোস্ট হয়ে যাওয়া আমার ভুল হতে পারে।"
ক্ষোভ প্রকাশ করে শুভশ্রী বলেন, “আমি একজন নারী, আমি বাংলা সিনেমার অভিনেত্রী বলেই কি আমাকে আক্রমণ করছেন? বলিউডে তো কারিনা কাপুর গিয়েছিলেন। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? আমার দোষ কী!
“আমাকে কারও প্রাক্তন প্রেমিকা বলে কটাক্ষ করা হচ্ছে। ২০২৬ আসতে চলেছে। নারী হয়েও নারীদের এভাবে সম্বোধন করা হচ্ছে। আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো?"
এ ঘটনায় বাচ্চাদের নিয়েও কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন,"কাল থেকে আমার বাচ্চাদের আক্রমণ করা শুরু হয়েছে। বলা হচ্ছে, ছোট বাচ্চা দুটিকে মেরে ফেলা হবে। আমি মা হিসেবে সেটি মেনে নেব না, এসব করে আপনারাও অন্যায় করছেন।”
এ ঘটনায় রোববার টিটাগড় থানায় লিখিত অভিযোগ করেছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।
রাজ বলেন, “শুভশ্রীকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তাই প্রশাসনের কাছে গেলাম। লিখিত অভিযোগ জানিয়েছি টিটাগড় থানায়। কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি, সেটা এখন প্রকাশ্যে আনতে পারব না। তা হলে প্রশাসনের তদন্তে অসুবিধা হবে।”
এ অনুষ্ঠানে যারা হাজার হাজার টাকা টিকেট কেটেও মেসিকে দেখতে পারেননি, তাদের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন এই জুটি।