Published : 04 May 2026, 08:54 PM
প্রবাসজীবনের কঠিন বাস্তবতায় একজন নারীর জীবনে তৈরি হওয়া জটিলতার গল্প তুলে ধরে নির্মিত হয়েছে সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।
এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী।
দুই বছর আগে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। চলতি বছরের মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে।
আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক হাসান জাহাঙ্গীর।
জাহাঙ্গীর বলেন, "এ গল্পের মাধ্যমে নারীদের মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতিবছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু করে সংসার সাজান, সে সংগ্রামের পেছনের গল্পই নিয়ে এ সিনেমা।"
তবে সিনেমাটি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন মৌসুমী ও তার স্বামী ওমর সানি।
তাদের অভিযোগ, মূলত একটি নাটক হিসেবে নির্মিত কাজকে 'সম্মতি ছাড়াই' পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার ফেইসবুকে এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, "যুক্তরাষ্ট্রে দৃশ্যধারণ করা এই কাজটি প্রথমে নাটক ছিল এবং পরে টেলিফিল্মে রূপান্তরের কথা বলা হয়। কিন্তু এখন সেটিকে চলচ্চিত্র হিসেবে সেন্সর নিয়ে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।”
ওমর সানি তার সেই ভিডিওতে মৌসুমীর দুইটি অডিও বার্তা বাজিয়ে শোনান।
সেখানে মৌসুমী বলেন, “‘কন্ট্রাক্ট ম্যারেজ'টা একদমই এক ঘণ্টার একটা নাটক ছিল। আর এক ঘন্টার নাটক যেমন হয়, একটা ছোট গল্প, ঠিক ওইরকমই একটা ছোট গল্প। যেখানে প্রবাসে এক নারীর সংগ্রাম ও জটিল সম্পর্কের গল্প তুলে ধরা হয়।
"একটা মেয়ের এই দেশে আসার পর তার আমেরিকাতে সংগ্রামের সময়টা এবং তার একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ যাকে বলে। কিন্তু সে এই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে সে বের হতে পারে না। ওই লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে–এই ধরনের একটা ছোট গল্প নিয়ে এই 'কন্ট্রাক্ট ম্যারেজ' গল্পটা সাজানো ছিল।"
বিদেশের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে, বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় বিয়ের মত সংবেদনশীল বিষয়, যার মধ্য দিয়ে নির্মাতা সচেতনতার একটি বার্তাও দিতে চেয়েছেন।

হাসান জাহাঙ্গীর বলেন, "কোন পরিস্থিতির কারণে, মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্বের বড় বড় দেশে গিয়ে একজন বিবাহিত নারী, বাংলাদেশে মা-বাবা, ভাইবোন ও স্বামী রেখে কন্ট্রাক্টে বিয়ে করতে বাধ্য হয়। বিদেশে গেলে কেন আপন মানুষ পর হয়ে যায়, কেন পরিবারের মানুষ তাকে ভুল বোঝে! পুরো বাস্তবতা উঠে আসবে এই গল্পে। যা কখনো দর্শক কাঁদাবে, কখনো হাসাবে দর্শককে।"
কন্ট্রাক্ট ম্যারেজ দিয়ে দুই বছর পর মৌসুমীর সিনেমা প্রেক্ষাগৃহে আসছে। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল মৌসুমী অভিনীত সিনেমা ‘সোনার চর’।
ওয়েব সিরিজ হিসেবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল 'কন্ট্রাক্ট ম্যারেজের' শুটিং। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর।