১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মঞ্চে আসছে ম্যাড থেটারের 'রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

নাটকটির ১১ তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মঞ্চে আসছে ম্যাড থেটারের 'রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’
'রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 01:13 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবছর পূর্তি উপলক্ষে মঞ্চে আসছে নাট্যদল ম্যাড থেটারের নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শনিবার সন্ধ্যায় সোয়া ৭টায় নাটকটির ১১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। দ্বিপাত্রিক এই নাটকে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করছেন আসাদুল ইসলাম নিজে এবং ভিক্টোরিয়ার চরিত্রে দেখা যাবে সোনিয়া হাসানকে।

'রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের দৃশ্য। 

'রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের দৃশ্য।

বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে নাট্যদলটি জানিয়েছে, শতবর্ষের এই বিশেষ মুহূর্ত ব্যতিক্রম করে রাখতে তাদের এই আয়োজন। 

১৯২৪ সালে পেরুর স্বাধীনতা সংগ্রামের শতবর্ষ উদযাপনে আমন্ত্রিত হয়ে যাত্রা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে দীর্ঘ দুই মাসের সমুদ্রযাত্রায় অসুস্থ হয়ে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে থামতে বাধ্য হন কবি। সেখানকার প্লাজা হোটেলে অসুস্থ অবস্থায় তার সান্নিধ্যে আসেন অনুরাগী পাঠিকা ভিক্টোরিয়া ওকাম্পো। 

পরবর্তীতে ওকাম্পোর আয়োজনে সান ইসিদ্রোর রিও ডেলা প্লাটা নদীর তীরের ‘মিরালরিও ভিলা’য় কাটে কবির দুই মাস।

সেই ইতিহাস ও অনুভূতির ক্যানভাসে নির্মিত হয়েছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। 

নাটকটিতে সান ইসিদ্রোর দিনগুলোতে নদী দেখা, কবিতা লেখা এবং ওকাম্পোর সঙ্গে গড়ে ওঠা সুনিবিড় সখ্যের স্মৃতি উঠে এসেছে। 

'রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের দৃশ্য। 

'রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের দৃশ্য।

পরিচালক আসাদুল ইসলাম বলেছেন,  যুদ্ধবিধ্বস্ত ও অস্থির পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের যে চিরায়ত আবেগ, তাকেই নতুন করে জাগিয়ে তোলার প্রয়াস এই প্রযোজনা। বিদ্বেষহীন প্রেমময় পৃথিবী গড়ার প্রত্যয়ে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’কে একটি নির্মল নিবেদন বলে মনে করেন তিনি। 

 ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ এর আলোক প্রক্ষেপণে রয়েছেন আশরাফুল ইসলাম সায়ান এবং আবহসংগীত নিয়ন্ত্রণে রয়েছেন পৃথুলা।