১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় পরপর দুই কনসার্টে ফের আতিফ আসলাম

এবার পরপর দুইটি কনসার্টে পারফর্ম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের তারকা শিল্পী আতিফ আসলাম।

ঢাকায় পরপর দুই কনসার্টে ফের আতিফ আসলাম
আতিফ আসলাম। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 10:58 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

পাকিস্তানের তারকা শিল্পী আতিফ আসলাম ফের ঢাকায় গান গাইতে আসছেন। এবার পরপর দুইটি কনসার্টে পারফর্ম করবেন এই শিল্পী। 

আতিফকে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে ‘মেইন স্টেজ’ নামের একটি প্রতিষ্ঠান এবং ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম। একটি কনসার্ট হচ্ছে আগামী ১৩ ডিসেম্বর; এছাড়া আগামী ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘মেইন স্টেজ’ প্রতিষ্ঠানটি আয়োজন করছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্ট। ফেইসবুকে এক পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, “ঢাকা, তোমরা কি প্রস্তুত? এক্স ফোর্স নিয়ে আসছে আতিফ আসলাম লাইভ অ্যাট দ্য মেইন স্টেজ শো! অ্যালার্ম সেট করে রাখুন, দল জড়ো করতে থাকুন, যেন এটা কোনোভাবে বাদ না যায়। কারণ এটি হতে যাচ্ছে বছরের সেরা একটা শো।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী ঢাকা এরিনায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট। 

সেদিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।  

বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকের মুখপাত্র রিসালাত বলেন, “ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সাথে নিয়মমাফিক কাজ করে যাচ্ছি। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া হচ্ছে, এবং তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”  

কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়েছে, যা পাওয়া যাচ্ছে ‘চলোঘুরি ডট কম’ নামের একটি ওয়েবসাইটে। টিকেট পাওয়া যাবে 'জেনারেল ও ফ্রন্ট ভিআইপি' এই দুই ক্যাটাগরিতে।

অন্যদিকে, গণআন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তায় জন্য গেল বছর ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজন করেছিল চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভ্যুলেশন’।   

এই প্ল্যাটফর্মটিই এবার আয়োজন করছে ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’।

এক বিজ্ঞপ্তিতে আয়োজকদের একজন মো. জাফর আলী (জাফর সাদিক) বলেছেন, "জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসনসহ জুলাইয়ের চেতনাকে আরও উজ্জীবিত করার লক্ষ্যে আমরা ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ নামে আরেকটি চ্যারিটি কনসার্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছি। 

"যেটি থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ দেওয়া হবে। যে অর্থ সংস্থাটির চলমান শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে।"   

জাফর জানিয়েছেন, আতিফ আসলামকে এই চ্যারিটি কনসার্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কনসার্টটি আগামী ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই ভেন্যু এবং সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। 

 কনসার্টে লোকসংগীত ও কাওয়ালি সংগীত প্রাধান্য দেওয়া হবে জানিয়ে এই আয়োজক বলেন, "এই কনসার্টে বিদেশি অতিথিসহ দেশীয় বিভিন্ন সংগীত ব্যান্ডকে তাদের গান পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হবে।"    

সংগীত ছাড়াও এতে জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্রী, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীসহ আরও বিভিন্ন আয়োজন থাকবে। 

গত বছরও ঢাকায় আয়োজিত দুই কনসার্টে গান গেয়েছিলেন আতিফ আসলাম। এপ্রিলে ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে এবং ডিসেম্বরে 'ম্যাজিকাল নাইট ২.০' নামের আরেকটি আরেকটি কনসার্টে পাওয়া যায় এই শিল্পীকে।

 ২০০৩ সালে ব্যান্ড 'জলের' সঙ্গে আতিফের সংগীত ক্যারিয়ার শুরু হয়। মূলত উর্দু ভাষায় গাইলেও হিন্দি, পঞ্জাবি, বাংলা ও পশতু ভাষার গানেও দক্ষতা দেখিয়েছেন তিনি।

‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন আতিফ। গানের পাশাপাশি পাকিস্তানে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গায়ক।