১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুই সুদর্শন নায়কের সঙ্গে কাজ করছি: ‘সিক্রেট নিয়ে অপু বিশ্বাস

অপু বিশ্বাসের দুই অভিনেতা।

দুই সুদর্শন নায়কের সঙ্গে কাজ করছি: ‘সিক্রেট নিয়ে অপু বিশ্বাস
সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে শিগগিরই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 11:14 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

নায়িকা অপু বিশ্বাসকে ‘সিক্রেট’ নামের যে নতুন চলচ্চিত্রে আগামীতে দেখা যাবে, সেটির প্রস্তুতিপর্ব শেষ করে এনেছে সিনেমা টিম।

শিগগিরই দৃশ্যধারণের কাজে নামছে তারা। সিনেমার মহরত ঘিরে এর মধ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীতে।

সেখানে অপু বিশ্বাস বলেন, “দুই বছর পর নতুন সিনেমায় যুক্ত হয়েছি। এই দুই বছর আমার কাছে অনেক গল্প এসেছে, আমার কাছে মনে হয়েছে আরেকটু সময় নেই। ‘সিক্রেট’ সিনেমার গল্প ও প্রোডাকশন হাউজ সব মিলিয়ে মনে হয়েছে এই সিনেমায় যুক্ত হওয়া যায়।”    

বন্ধন বিশ্বাসের নির্মাণে এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে আছেন দুই অভিনেতা। তারা হলেন আদর আজাদ ও ছোটপর্দার অভিনেতা পীযূস সেন।

সহশিল্পীদের নিয়ে অপুর ভাষ্য, “'সিক্রেট' সিনেমায় দুইজন সুদর্শন নায়ক আমার সঙ্গে কাজ করনছে। আদর আজাদ একজন পরীক্ষিত অভিনেতা, আরেকজন ছোট পর্দার পরিচিত মুখ, এটাই তার প্রথম সিনেমা। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বন্ধন বিশ্বাসের সঙ্গে আমার এটি তৃতীয় কাজ। তিনিও পরীক্ষিত পরিচালক। সব মিলিয়ে আশা করি ভালো একটি সিনেমা হবে।”   

চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস নায়িকার প্রশংসা করে বলেন, “অপু খুব হেল্পফুল। গল্প শুনেই তিনি কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছেস। দুইজন নায়ক থাকছে তারাও বেশ দারুণ। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।”

‘সিক্রেট’ সিনেমার গল্প, কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। আর সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন। এমকে প্রোডাকশন থেকে নির্মাণ হচ্ছে সিনেমাটি। 

এর আগে অপু বিশ্বাস পরিচালক বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ও ‘লালশাড়ি’ নামের দুই সিনেমায় অভিনয় করেছেন। ‘লালশাড়ি’ সিনেমাটি অপুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত। 

২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার পর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি অপুকে।

এদিকে, আদর আজাদের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘টগর’। এছাড়াও সম্প্রতি শেষ করেছেন ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’ নামের দুইটি সিনেমার কাজ। প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের।