Published : 19 Aug 2026, 11:54 AM
মুম্বাইয়ের বান্দ্রায় বলিউডি তারকা শাহরুখ খানের প্রসাদতুল্য বাংলো ‘মান্নাত’ এ জোড়া সাপের দেখা মিলিছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নাগপঞ্চমীর দিন সোমবার সন্ধ্যায়। বাড়ির লনে দুটি সাপ দেখতে পেয়ে চমকে যান কর্মীরা। খবর পেয়ে সাপ উদ্ধারকারী দল সেখানে দীর্ঘ তল্লাশি চালায়। এর পর আট ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা গেলেও অন্যটির আর খোঁজ মেলেনি।
ওই দিন রাত ৮টার দিকে এক সাপ উদ্ধারকারীর কাছে ফোন আসে মান্নাত থেকে।
তল্লাশির এক পর্যায়ে একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকা সাপের সন্ধান মেলে। প্রায় আট ফুট লম্বা সাপটি ‘ইন্ডিয়ান র্যাট স্নেক’ প্রজাতির। এটি বিষধর নয়। বন দপ্তরের নিয়ম মেনে পরে প্রাকৃতিক পরিবেশে ছেড়েও দেওয়া হয় সাপটিকে।
তবে দ্বিতীয় সাপটির খোঁজে অনেক রাত পর্যন্ত তল্লাশি চললেও সেটির হদিস মেলেনি।
এদিকে এদিকে সংস্কার কাজের জন্য নিজের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ ছেড়ে মুম্বাই শহরেই একটি ভাড়াবাড়িতে সপরিবারের বসবাস করছেন শাহরুখ খান।
গেল বছর প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ‘মান্নাত’ থেকে তিন কিলোমিটার দূরে ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছেন শাহরুখ। শহরের পালি হিল এলাকায় ৩৬ মাসের জন্য শাহরুখ প্রতি মাসে শাহরুখকে গুণতে হচ্ছে ২৪ লাখ রুপি।
এই ঘটনার কয়েক মাস আগে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও সাপের দেখা মিলেছিল। সেখানেও সাপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
শাহরুখ এখন ব্যস্ত আছেন তার ‘কিং’ সিনেমা নিয়ে; যা মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। শাহরুখের কন্যা সুহানা খানও এই সিনেমায় রয়েছেন।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।
‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্র করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।