Published : 09 May 2025, 10:26 PM
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে হতে যাচ্ছে ‘সাংস্কৃতিক উৎসব’।
শনিবার সন্ধ্যায় একযোগে এ উৎসব হবে বলে শিল্পকলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসব অনুষ্ঠানে ব্যান্ডদল ডিফারেন্ট টাচ্, আসিফ আকবর, সায়ান, মিলা ও বিউটির মত তারকাশিল্পীদের পাশাপাশি গান শোনাবেন স্থানীয় শিল্পীরাও। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।
এ বছর বুদ্ধ পূর্ণিমা রোববার হলেও শিল্পকলা একাডেমি আয়োজনটি সাজিয়েছে আগের দিন সন্ধ্যায়।
ঢাকায় অনুষ্ঠান হবে একাডেমির নন্দনমঞ্চে। এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থাকবেন।
চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো।
কোথায় কোন শিল্পী গাইবেন?
ঢাকার নন্দনমঞ্চে গান শোনাবে ব্যান্ডদল ডিফারেন্ট টাচ্ ও শিল্পী সায়ান। এর আগে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য পরিবেশন হবে।
চট্টগ্রামের শিরীষ তলা সিআরবিতে গাইবেন আসিফ আকবর। থাকবে ব্যান্ডদল ম্যাট্রিক্যালের পরিবেশনা। নাচ-গান থাকবে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদেরও। বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে হবে মানবতাবাদী সংগীত ও নৃত্য।
প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ফরিদা খানম।
কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাইবেন সংগীতশিল্পী মিলা ও পারভেজ। থাকবে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নাচ-গানও। বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের সমবেত কণ্ঠে থাকবে মানবতাবাদী সংগীত ও নৃত্য।
প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
বান্দরবান রাজার মাঠের অনুষ্ঠানে গাইবেন সংগীতশিল্পী নোলক বাবু। তবে শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের সংগীত ও নৃত্য।
সেখানে প্রধান অতিথি থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ও বারন্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর।
রাঙামাটি সরকারি কলেজ মাঠের অনুষ্ঠানে গাইবে সংগীতশিল্পী বিউটি ও তার দল। গান শোনাবেন রাফি তালুকদার এবং জিকু মারমা ও তার দল।
প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলার পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাইবেন সংগীতশিল্পী রাজিব এবং রূপসা। থাকবে ব্যান্ডদল অরণ্য, শান্তি দেবনাথ ও তার দলের পরিবেশনা।
প্রধান অতিথি থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল।