Published : 11 Aug 2026, 11:02 AM
টানা ২৪ ঘণ্টা শুটিং করে বাড়ি ফেরা ভোরবেলা; মাঝে বিশ্রাম কয়েক ঘণ্টা, ফের শুটিংয়ের জন্য প্রস্তুতি। চুরাশি বছর বয়সী বলিডের মহাতারকা অমিতাভ বচ্চনের এই হল বর্তমান রুটিন।
নিউজ এইট্টিন লিখেছে, অমিতাভের এই মহাব্যস্ততার কারণ হল গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমের শুটিং।
নিজের ব্লগে সেই ব্যস্ততার কথাই জানিয়েছেন বিগ বি খ্যাত এই অভিনেতা।
অমিতাভের কথায়, আগের দিন সকাল ৭টায় কাজ শুরু হয়েছিল, যা শেষ হয়েছে পরের দিন সকাল ৭টায়। দীর্ঘ কর্মব্যস্ততার পরেও নিয়মিত ব্লগ লেখার অভ্যাস ধরে রাখতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, “অনুষ্ঠানের সঞ্চালনা এবং সময়মত কাজটি করা জরুরি ছিল…তাই করেছি। তবে তার চেয়েও বড় স্বস্তি হলো ব্লগ দৈনন্দিন রুটিনের সাথে যুক্ত হতে পারাটা।”
তবে বিশ্রামের সুযোগ খুব বেশি নেই। খাওয়াদাওয়া আর অল্প ঘুমের পরেই ফের সেটে হাজির হতে হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
তিনি বলেন, “এখন আমি ঘুমাতে যাচ্ছি, পেটে কিছু খাবার জুটবে...কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে নেব, কারণ আবার খুব ভোরে ডাক পড়েছে...কেবিসির এই সিজনের শোয়ের সম্প্রচারের তারিখ ঘোষণা করা হয়েছে...।
রসিকতার সুরে অমিতাভ লিখেছেন, “কেবিসি’র এই সিজনের শোয়ের প্রথম পর্ব প্রচারের তারিখ দিয়েছে। যেতে না পারলে অন্য কাউকে নিয়ে নেবে। তাই যা দরকার, তাই করতে যাচ্ছি।”
ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৮-এর সম্প্রচারের দিনক্ষণ। সোমবার রাত ৯টা থেকে এই শোয়ের নতুন মৌসুম সম্প্রচার শুরু হবে।
এবারের থিম নিয়ে অমিতাভ আগেই ধারণা দিয়েছিলেন। তার কথায়, এখন প্রায় সব প্রশ্নের উত্তর মানুষের হাতের মুঠোয়। মুঠোফোন খুললেই মুহূর্তে মিলছে প্রয়োজনীয় তথ্য। তাই শুধু উত্তর জানাই আর যথেষ্ট নয়। সেই উত্তর কতটা ব্যবহার করা যৌক্তিক, সেটাই হবে আসল পরীক্ষা।
অমিতাভ বলেন, “শুধু উত্তর মুখস্থ রাখলে চলবে না, উত্তর দেওয়ার আগে ভাবতে হবে।’’
অভিনেতা বলেছেন, ভূগোল, ইতিহাস কিংবা বিজ্ঞান-কেবল এই বিষয়গুলির জ্ঞান থাকলেই সাফল্য মিলবে না। কারণ, এবার খেলার ধরনও বদলে যাচ্ছে। তথ্য জানার পাশাপাশি সেই তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই এ বার প্রতিযোগীদের এগিয়ে রাখবে।
এই রিয়েলিটি শো ছাড়াও অমিতাভকে আগামী দিনে দেখা যাবে ‘কল্কি ২৮২৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন প্রভাস এবং কমল হাসান। সিনেমার প্রথম পর্বে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন অমিতাভ।