কানে এবার যা যা আলোচনায়
চলতি বছর কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২২টি চলচ্চিত্র।
শেষ সপ্তাহেও কানে কর্মীদের ধর্মঘটের কারণে চলচ্চিত্র উৎসব নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কিন্তু পরিচালক ফ্রান্সিস ফোর্ড কোপলার প্রত্যাবর্তন, ডনাল্ড ট্রাম্পের বায়োপিক এবং দণ্ডিত ইরানি পরিচালকের সিনেমাকে সঙ্গে নিয়ে ফ্রান্সের সাগরপাড়ে পর্দা উঠছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের।
বিবিসি লিখেছে, ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে মঙ্গলবার শুরু হতে যাওয়া চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ আসরের পর্দা নামবে আগামী ২৫ মে।
এই ১২ দিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নবীন-প্রবীণ অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের আড্ডায় মুখর থাকবে উৎসব। আসরের সমাপনী দিনে হবে পুরস্কার ঘোষণা।
কানের আসর শুরু হয়েছিল ১৯৪৬ সালে, ছোট আকারে। ওই বছরে থেকে সেরা চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়। আর আসরের সেরা পুরস্কার ‘পাম দি’অর’ বা ‘স্বর্ণপাম’ দেওয়া হচ্ছে ১৯৫৫ সাল থেকে।
চলতি বছর কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২২টি চলচ্চিত্র। উদ্বোধনী দিনে দেখানো হবে কোয়েন্টিন ডুপিওর সিনেমা ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। ফরাসি এই কমেডি সিনেমায় অভিনয় করেছেন লি সেডক্স, ভিনসেন্ট লিনডন, লুইস গ্যারেলসহ আরও অনেকে।
আলোচনায় আছে ‘ম্যাড ম্যাক্স’ সিনেমাটি। ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমাটি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এর প্রিক্যুয়েল। অস্ট্রেলীয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ মিলারের এই সিনেমা নিয়ে সমালোচক-বিশ্লেষকরা আশাবাদী। ‘ম্যাড ম্যাক্স’ মূলত সামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের উপাখ্যান, যা বর্তমান সময়ের সঙ্গেও প্রাসঙ্গিক।
দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন হচ্ছে ‘দ্য গডফাদার’ নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কোপলার। কানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই পরিচালকের নতুন সিনেমা ‘মেগালোপলিস’ নিয়ে। যা তৈরিতে ১২০ মিলিয়ন ডলার খরচ করেছেন তিনি।
দারুণ আলোচনায় আছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বায়োপিক ‘দ্য অ্যাপ্রেনটিস’। ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে ইরানি-ডেনিশ নির্মাতা আলী আব্বাসি এ সিনেমা বানিয়েছেন।
আলোচানয় এসেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ। ৫০ বছর বয়সী রাসুলফের সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে। ইরানে রাসুলফকে প্রথমসারির চলচ্চিত্র নির্মাতা বিবেচনা করা হয়। ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ।
কান থেকে এ সিনেমাটি প্রত্যাহার করার জন্য রাসুলফের ওপর প্রথমে চাপ সৃষ্টি করে ইরান সরকার। পরে নির্মাতার কর্মকাণ্ড দেশের জন্য 'হুমকি হয়ে উঠেছে' অভিযোগ তুলে তেহরানের আদালত রাসুলফকে আট বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি এই চলচ্চিত্র নির্মাতাকে চাবুক মারা ও তার সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ আসে রায়ে।
এই চলচ্চিত্রকারের উৎসবে যোগ দেওয়া নিয়ে আগেই সংশয়ের কথা জানিয়েছিলেন তার আইনজীবী বাবাক পাকনিয়া। এখন অভিনয়শিল্পী ও নির্মাতারা কান উৎসবে রাসুলফের পক্ষে সরব হতে পারেন।
এবারের বিচারকদের মধ্যে নারীই সংখ্যাগরিষ্ঠ। মূল প্রতিযোগিতা বিভাগের ৯ বিচারকের মধ্যে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগ।
আরো আছেন ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ তারকা লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, ওমর সাই, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।
আরো আছেন স্প্যানিশ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালীয় অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো ও জাপানি নির্মাতা কোরে-এডা হিরোকাজু।
কয়েক বছর ধরেই কানে নানা প্রতিবাদে সরব হচ্ছেন চলচ্চিত্রের মানুষরা। গেল বছর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ নিয়ে সরব হয়েছিলেন অনেকে।
এবার শোনা যাচ্ছে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসানের প্রতিবাদে ফুঁসে উঠবেন যুদ্ধবিরোধীরা। এছাড়া চলচ্চিত্র অঙ্গনে নারীর প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে ‘মিটু’ আন্দোলনেরও আভাস মিলেছে।
এবারের উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পাবেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও জাপানের প্রখ্যাত স্টুডিও জিবলি।
