১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জের মঞ্চে আসছে ‘দ্য চেয়ার্স’

নিরীক্ষাধর্মী নাট্যচর্চার লক্ষ্য নিয়ে ২০২২ সালের ১৫ জানুয়ারি থেকে যাত্রা শুরু করে ‘ক্ষ্যাপাটে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 10:44 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ইউজিন আয়ানেস্কোর ‘দ্য চেয়ার্স’ মঞ্চে নিয়ে আসছে ‘নাট্যসংগঠন ‘ক্ষ্যাপাটে’। কবীর চৌধুরীর অনুবাদে নাটকটির নির্দেশনা দিচ্ছেন ফাইয়ায রাকিন নূর।

আগামী ২৮ ও ২৯ নভেম্বর সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।

নিরীক্ষাধর্মী নাট্যচর্চার লক্ষ্য নিয়ে ২০২২ সালের ১৫ জানুয়ারি থেকে যাত্রা শুরু করে ‘ক্ষ্যাপাটে’। এটি এই নাট্যদলের নবম প্রযোজনা।

‘ক্ষ্যাপাটে’ বলছে, এই নাটকে অভিনয় করছেন অরন্ধতি চন্দ, মাসুম আলী, সাদিয়া শাহনেওয়াজ, সুজয় বাছাড়, মো. নাহিদ হাসান নিরব। 

কোরিওগ্রাফি করেছেন সাদিয়া শাহনেওয়াজ ও সুজয় বাছাড়। দৃশ্য, আবহ ও পোশাক পরিকল্পনা করেছেন স্নিগ্ধা দেব। আলোক পরিকল্পনা করেছেন রিফাহ্ তাসনিয়া অহনা। রূপসজ্জায় আছেন পায়েল চৌধুরী এবং প্রযোজনা ব্যবস্থাপক সঞ্জিত কুমার দে।

‘দ্য চেয়ার্স’ নাটকের টিকেটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। যোগাযোগ নম্বর: ০১৭৯২৫৩৭৭০৪।

থিয়েটারের প্রতি যথাযথ দায়বদ্ধতা ও অকৃত্রিম আস্থা থেকেই কাজ করছে ‘ক্ষ্যাপাটে’। ইতোমধ্যে দলটির আটটি প্রযোজনা মঞ্চে এসেছে; যার মধ্যে আছে- ‘ঋণাত্মক কিংবা অর্থহীন’, ‘জ্ঞানী? বর্বর?’, ‘উইস’, ‘আপনাকে দিয়ে কিছু হবে না’, ‘আর তারপর ঘুম’, ‘কোথায় পাবো তারে’, ‘ইতিবৃত্তে কোকিলা কাহন’ ও ‘ডেথ নকস’।

এছাড়াও দলটি ‘মনোলোগ’ নামে একটি প্রযোজনা মঞ্চস্থ করতে সহায়তা করেছে এবং দুটি অভিনয় কর্মশালা ও তিনটি বাহাস আয়োজন করেছে।

ক্ষ্যাপাটে বিশ্বাস করে, থিয়েটার কেবল মঞ্চের বিনোদন নয়। রাষ্ট্র, সমাজ এবং মানুষের বৃহত্তর স্বার্থে নাটক এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সময়ের প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী থিয়েটারের শক্তিকে নতুনভাবে সংজ্ঞায়িত করাই ‘ক্ষ্যাপাটে’র লক্ষ্য।