Published : 29 Oct 2025, 10:05 PM
আর লুকোচুরি নয়, হলিউডের গায়িকা প্রেমিকা কেটি পেরিকে নিয়ে প্রকাশ্যে ঘুরছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
পেইজ সিক্স লিখেছে, গেল ২৫ অক্টোবর কেটি পেরির জন্মদিনে তাকে নিয়ে প্যারিসের রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন ট্রুডো। দুজনকে সেদিন হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেছে।
এছাড়া জন্মদিনের সন্ধ্যায় পেরিকে নিয়ে ক্রেজি হর্স প্যারিস নামের এক থিয়েটারে যান ট্রুডো। সেখানে দুজনে ক্যাবারে শো উপভোগ করেন। সেখান থেকে বের হওয়ার সময় আলোকচিত্রীদের ক্যামেরারয় ধরা পড়েন পেরি ও ট্রুডো।
ভিড় ঠেলে সামনে এগিয়ে এক ভক্ত গায়িকার হাতে গোলাপ ফুলের তোড়া তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছাও জানান। ভক্ত ও সংবাদিকদের ভিড় থেকে বাাঁচতে পেরিকে আগলে নিয়ে গাড়িতে তুলে দেন ট্রুডো। পুরোটা সময় তারা একে অপরের হাত ধরেছিলেন।
চলতি মাসের মাঝামাঝি পেরি ও ট্রুডোর প্রেমের খবর ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে পেরি ও ট্রুডোর পরস্পরকে আলিঙ্গন করে চুম্বন করার ছবি প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ছবিতে দেখা গেছে, ২৪ মিটার দীর্ঘ ইয়ট কারাভেলের ডেকে কালো সুইম স্যুট পরে আছেন ‘আই কিসড আ গার্ল’ গানের জন্য বিখ্যাত বিখ্যাত গায়িকা ৪০ বছর বয়সী পেরি। আর ৫৩ বছর বয়সী ট্রুডোর পরেছেন জিনস।
ছবিগুলো ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে বলে লিখেছে ডেইলি মেইল।
এক প্রত্যক্ষদর্শী তিমি পর্যবেক্ষক বলেন, “পেরি ও ট্রুডো পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎ করে তারা একে অপরকে চুম্বন করতে শুরু করেন।”
ওই প্রত্যক্ষদর্শীর কথায়, তারা কয়েকজন প্রথম পেরি ও ট্রুডোকে চিনতে পারেননি।
“পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটুটি দেখে চিনে ফেলি।”
ট্রুডো-পেরির প্রেমের গুঞ্জন ওঠে গত জুলাইয়ে। ওই সময় একদিন তারা মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়েছিলেন। এর কিছুদিন পরই দুজনকে মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে দেখা যায়।
পরবর্তী সময়ে পেরির কানাডায় অনুষ্ঠিত ‘লাইফটাইমস’ ট্যুরের দর্শক সারিতেও উপস্থিত ছিলেন ট্রুডো।
ওই সময় কয়েকটি সংবাদমাধ্যম লিখেছিল, পেরি ও ট্রুডো প্রেমের প্রাথমিক স্তরে আছেন।
অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে গেল জুনে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানেন পেরি। পেরি-ব্লুমের ৫ বছর বয়সী এক কন্যাসন্তান ডেইজি ডাভ আছেন।
আর ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের মধ্যে বিচ্ছেদ হয়েছে ২০২৩ সালে। তাদের ১৮ বছর সংসারে তিন সন্তান জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।
গভীর চুম্বনে ট্রুডো-পেরি, ধরা পড়েছেন পর্যটকের ক্যামেরায়