১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেলিম আল দীনকে নিয়ে যত আয়োজন

সেলিম আল দীনের প্রয়াণবার্ষিকী ঘিরে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী স্মরণোৎসবের।

সেলিম আল দীনকে নিয়ে যত আয়োজন
নাট্যকার সেলিম আল দীন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 02:27 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

বাংলাদেশের অন্যতম নাট্যকার সেলিম আল দীনের প্রয়াণবার্ষিকী ঘিরে তিনদিনের স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে।

তার ১৮তম প্রয়াণ দিবসে বুধবার থেকে স্মরণ-শোভাযাত্রা, নাটক প্রদর্শনী, সেমিনারসহ নানা আয়োজনে এই উৎসব উদযাপন করবে ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, নাট্যসংগঠন স্বপ্নদল, সেলিম আল দীন সংগ্রহশালা ও সারথি থিয়েটার।  

ঢাকা থিয়েটারের আয়োজন

তিনদিনের স্মরণ অনুষ্ঠানের প্রথম দিন বুধবার সকাল ১০টায় ফুল দেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে। বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার রুমে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

একই দিন সন্ধ্যা ৭ টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সেলিম আল দীনের রচনা এবং অনিক ইসলামের নির্দেশনায় দেখানো হবে 'দেয়াল' নাটক। 

দ্বিতীয় দিনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একই জায়গায় প্রদর্শিত হবে নাটক 'নিমজ্জন'। সেলিম আল দীনের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় রুবাইয়াৎ আহমেদের রচনায় এবং ফারুক আহমেদের নির্দেশনায় দেখা যাবে 'রঙমহাল' নাটক। 

স্বপ্নদলের স্মরণোৎসব

নাট্যসংগঠন স্বপ্নদলও তিনদিনব্যাপী এই আয়োজনে সেলিম আল দীনকে নিয়ে স্মরণ-শোভাযাত্রা, পুষ্পাঞ্জলি অর্পণ ও নাটক প্রদর্শনীর পরিকল্পনা রেখেছে। 

স্বপ্নদলের নিয়মিত উৎসবের ৩৩তম এ আসরে ‘আসুক যতই ঝড়-ঝঞ্ঝা নিকষ অন্ধকার, সেলিম আল দীন-রবীন্দ্রনাথ মোদের বাতিঘর’ এই চেতনাকে ধারণ করে বুধবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি পর্যন্ত স্মরণ-শোভাযাত্রা করবে; এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। 

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ নাটকটি প্রদর্শিত হবে।   

শেষ দিন শুক্রবার সন্ধ্যা ৭টায় একই জায়গায় দেখানো হবে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ নাটকের ৫০তম প্রদর্শনী।  

 বিজ্ঞপ্তিতে স্বপ্নদলের নির্দেশক জাহিদ রিপন বলেন,"নাট্যগুরু সেলিম আল দীনের পরামর্শে তার প্রয়াণের পরে কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা’  নির্মাণ করেছি, যা ‘ভারত রঙ্গ মহোৎসব’সহ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আর নাট্যাচার্য তো সমগ্র জীবন ব্যয় করেছেন বাঙলা নাট্যরীতি পুননির্মাণ-গবেষণায়, তাই তার প্রতি শ্রদ্ধা জানাতেই মঞ্চে এনেছি তার দুরূহ রচনা ‘হরগজ’। এ স্মরণোৎসবে  ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’ মঞ্চে প্রদর্শন নিঃসন্দেহে বিশেষ তাৎপর্য বহন করে।" 

সেলিম আল দীন সংগ্রহশালার আয়োজন

সেলিম আল দীন সংগ্রহশালার আয়োজনে বিগত দুই বছরের মত এবারও দুইদিনব্যাপী 'সেলিম আল দীন স্মরণোৎসব' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বুধবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্মরনযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে।  

সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে মূক নাটক ‘প্রাচ্য’। নাটকটি রচনা করেছেন সেলিম আল দীন, নির্বাক রুপান্তর ও নির্দেশনা রিজওয়ান রাজন।   

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় একই জায়গায় দেখানো হবে নাটক ‘যৈবতী কন্যার মন’। সেলিম আল দীনের অনন্য সৃষ্টি ‘যৈবতী কন্যার মন’ নাটকটি পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন আফরিন হুদা তোড়া, প্রযোজনা নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

দুইদিন পর শনিবার বিকেল ৪ টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে একক বক্তৃতা অনুষ্ঠিত হবে। 

আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখবেন মো. কামরুল হাসন খান। এরপর ‘সীমালঙ্ঘনেই পূর্ণ প্রাণ: জুলাই গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশ, সাংস্কৃতিক রাজনীতি, সেলিম আল দীন’ শীর্ষক একক বক্তৃতা করবেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।  

সারথি থিয়েটারের আয়োজন

গাইবান্ধার দারিয়াপুরের সারথি থিয়েটার নাট্যাচার্যের প্রয়াণ বার্ষিকী ঘিরে তিনদিনের এই অনুষ্ঠান শুরু করেছেন গত শনিবার থেকে। 

গত ১০ জানুয়ারি গাইবান্ধার ঝাউবাড়িতে সন্ধ্যা ৬টায় নাট্যাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। নাট্যাচার্যের জীবন ও কর্ম নিয়ে আলোচনা শেষে তার রচিত 'যৈবতী কন্যার মন' অবলম্বনে সায়িক সিদ্দিকীর পালানাট্যরূপ ও নির্দেশনায় সারথি থিয়েটার পরিবেশন করেছে 'কালিন্দীর গীত'।   

দ্বিতীয় দিনের আয়োজনে বুধবার দারিয়াপুরে স্মৃতি-তর্পণ, সেলিম আল দীনের গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের পুরস্কার বিতরণ করা হয় এবং পরিবেশিত হয় পালানাটক 'কালিন্দীর গীত'।  

শেষদিন ১৭ জানুয়ারি সেলিম আল দীনকে উৎসর্গ করে কুড়িগ্রামের চিলমারী বন্দরে আবারও পরিবেশিত হবে পালানাটক 'কালিন্দীর গীত'। 

এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ বুধবার স্মরণযাত্রা ও পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি প্রবন্ধ পাঠের আয়োজন করেছে। প্রবন্ধের নাম 'সেলিম আল দীন ও বাংলা নাট্যের বিঔপনিবেশিক আত্মপরিচয়'।

সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ অগাস্ট ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।

একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে চাকরিজীবন শুরু করলেও পরে বাকি জীবন শিক্ষকতাই করেছেন। ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং আমৃত্যু এই বিশ্ববিদ্যালয়েই ছিলেন।

তিনি এই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

‘কীত্তনখোলা’, কেরামতমঙ্গল’, ‘যৈবতী কন্যার মন’, ‘বনপাংশুল’, ‘চাকা’, ‘ধাবমান’, ‘স্বর্ণবোয়াল’, ‘পুত্র’সহ অনেক নাটক রচনা করেছেন।

২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি ঢাকায় মারা যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে সমাহিত করা হয়।