‘অথৈ’ মুক্তির পরই ছাদনাতলায় যাচ্ছেন সোহিনী
আগামী ১৪ জুন ‘অথৈ’ মুক্তির পর ১৮ জুলাই ছাদনাতলায় যাবেন এই তারকা জুটি।
ভারতীয় বাংলা সিনেমা-থিয়েটারের অভিনেত্রী সোহিনী সরকারের দুই খবর এসেছে। প্রথমটি হল, সোহিনীর ‘অথৈ’ সিনেমার মুক্তি শিগগিরই। আর দ্বিতীয় খবর, সিনেমা মুক্তির পরই ছাদনাতলায় যাচ্ছেন এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস বলেছে, রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ভাঙার পর বেশিদিন না যেতেই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী।
তারা আনুষ্ঠানিকভাবে কখনো প্রেমের খবর স্বীকার না করলেও তাদের বাগদানের গুজব রটে যায়।
সোহিনীর ঘনিষ্ঠজনদের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, শোভনের সঙ্গে বিয়ের তোড়জোর শুরু করেছেন এই অভিনেত্রী। তারা বিয়ের তারিখও জানিয়েছেন।
আগামী ১৪ জুন ‘অথৈ’ মুক্তির পর ১৮ জুলাই ছাদনাতলায় যাবেন এই তারকা জুটি।
তাই সিনেমার প্রচার ছাড়াও বিয়ের প্রস্তুতি নিয়ে সোহিনী ব্যস্ত।
কলকাতার দর্শকরা এতদিন উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে তৈরি ‘অথৈ’ নাটকটি মঞ্চে উপভোগ করেছেন। এবার ওই নাটকটি নিয়ে সিনেমা বানিয়েছেন পরিচালক অর্ণ মুখোপাধ্যায়।
সিনেমায় সোহিনী ছাড়াও অর্ণ নিজে এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করেছেন। প্রযোজনা করেছে এসভিএফ।
সোহিনী বলেছেন, নাটকের ডেসডিমোনা চরিত্রে তিনি পর্দায় আসছেন ‘দিয়ামোনা’ নামে।
“আনুমানিক ১৬০৩ সালে লেখা এই নাটকটি এবার প্রায় ৪২০ বছর পর আসছে বাংলা চলচ্চিত্রে,” বলেছেন সোহিনী
‘অথৈ’ দিয়ে সিনেমা পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন বলে জানান অর্ণ। তিনি সিনেমায় ওথেলো চরিত্রটি করছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন অনির্বাণ ভট্টাচার্য।
