Published : 06 Feb 2026, 01:09 PM
যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কিম কার্ডাশিয়ানের সঙ্গে ব্রিটিশ ফর্মুলা ওয়ান কিংবদন্তি লুইস হ্যামিল্টনের প্রেম নিয়ে গুঞ্জন দিনদিন জোরালো হচ্ছে।
কদিন আগেও ডেইলি মেইলে খবর এসেছে, যুক্তরাজ্যে শহর থেকে কিছুটা দূরে এই দুই তারকা সাপ্তাহিক ছুটি একসঙ্গে কাটিয়েছেন। এর পর গেল সপ্তাহে দুজনকে দেখা গেছে প্যারিসে। হ্যামিল্টন কার্দাশিয়ানের সাবেক স্বামী ও র্যাপার কেনি ওয়েস্টের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
এই সম্পর্কের শুরু কবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
কিম নিজের প্রাইভেট জেটে যুক্তরাজ্যে পৌঁছান; একইদিনে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান লুইস হ্যামিল্টন।
যুক্তরাজ্য তাদের দেখা গেছে গ্রামাঞ্চলে কটসওল্ডসের অভিজাত ও কড়া নিরাপত্তাবেষ্টিত রিসোর্ট ‘এসটেল ম্যানরে’। সেখানে নাকি তারা স্পা সেশন উপভোগ করেছেন। এছাড়া নিজেদের কক্ষেই ডিনার সারেন।
একদিন পর তারা ‘এসটেল ম্যানরে’ ছাড়েন। আসা-যাওয়া দুই পর্বেই নিজস্ব দেহরক্ষী দিয়ে কড়া নিরাপত্তা বেষ্টনি।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’ দিয়ে খ্যাতি পাওয়া কিম কার্ডাশিয়ান তার ব্যক্তিগত সম্পর্কগুলোর কারণে বারবার আলোচনার কেন্দ্রে আসেন। বিশেষ করে হিপ হপ তারকা কানিয়ে ওয়েস্টের সঙ্গে তার আট বছরের দাম্পত্য জীবন শিরোনামে এসেছে বহুবার।
কার্ডাশিয়ানের সঙ্গে ২০২১ সালে সম্পর্কের ইতি টানার পর ওয়েস্ট বেশ কয়েকবার সাবেক স্ত্রীর নতুন সঙ্গীদের বিরুদ্ধে সামাজিকযোগাযোগ চড়াও হয়েছেন। সে বছর কার্ডাশিয়ান সম্পর্কে জড়ান কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজের গানে ডেভিডসনকে তীব্র আক্রমণ করেন ওয়েস্ট।
একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল দাবি করেছে, ওয়েস্টের নজর ও ব্যক্তিগত আক্রমণ এড়াতেই হ্যামিল্টনের সঙ্গে নিজের সম্পর্কের খবর গোপন রেখেছেন কার্ডাশিয়ান।
এছাড়া ওয়েস্টের আগে সঙ্গীত প্রযোজক ডেমন টমাস, হিপ হপ তারকা রে জে, বাস্কেটবল তারকা ক্রিস হামফ্রিসেরর সঙ্গেও ৪৫ বছর বয়সী কার্ডাশিয়ানের সম্পর্কের খবর এসেছিল।

৪১ বছর বয়সী লুইস হ্যামিল্টনকে ধরা হয় সর্বকালের অন্যতম সেরা ফর্মুলা ওয়ান ড্রাইভার। জার্মান ড্রাইভার মাইকেল শুমাকারের সমান সাতটি ফর্মুলা ওয়ান ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। বর্তমানে হ্যামিল্টন ফেরারি রেসিং দলের সদস্য।