১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

একষট্টির আমির এবার পঁচিশে, কিসের প্রস্তুতি?

ক্রিকেটের প্রবাদপ্রতিম লালা অমরনাথের বায়োপিক বানাতে চলেছেন আমির-আশুতোষ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 12:28 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

কখনো তিনি তরুণ শিক্ষক, কখনো কুস্তিগির-চরিত্রে বৈচিত্র আনতে পছন্দ করা ভারতীয় অভিনেতা আমির খান ফের চমক আনছেন।

৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ ক্রিকেটারের ভূমিকায় তাকে আগামীতে পর্দায় দেখা যাবে। এই সিনেমার কথা মাসখানেক আগে প্রকাশ পেলেও, এবার সামনে এসেছে চরিত্রের জন্য অভিনেতার প্রস্তুতির খবর।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘ললকারা’। 

‘লগন’ সিনেমার পর দীর্ঘ ২৫ বছর পর পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে আমির কাজ করতে চলেছেন। 

ক্রিকেটের প্রবাদপ্রতিম লালা অমরনাথের বায়োপিক বানাতে চলেছেন আমির-আশুতোষ। ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিনেমাটি। দেশভাগের পর ওই প্রতিকূল পরিস্থিতিতে দুই দেশের প্রথম ক্রিকেট খেলার লড়াই কীভাবে বন্ধুত্ব, দেশপ্রেমে প্রভাবিত করেছিল, সে গল্প তুলে ধরা হবে সিনেমায়।

আমির এই সিনেমায় লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন। যিনি নেতৃত্ব দিয়েছিলেন ঐতিহাসিক ওই সিরিজে ভারতীয় টিমকে। 

সেই চরিত্রের জন্য ইতিমধ্যেই ওজন কমানোর বিশেষ প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। ডায়েটেও পরিবর্তন এনেছেন।

বাস্তবে ৬১ বছর বয়স হলেও পর্দায় নিজেকে ২৫ বছরের যুবক হিসাবে তুলে ধরতে মরিয়া আমির। চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলাই তার কাছে বড় চ্যালেঞ্জ।

সিনেমাটি প্রযোজনা করবে এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’ সিনেমার পর ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠানটির সঙ্গে আমির তৃতীয় কোনো কাজ নিয়ে যুক্ত হচ্ছেন।

এর আগেও একাধিক সিনেমার জন্য নিজের চেহারায় বড়সড় পরিবর্তন আনেন আমির।  

গজনি’ সিনেমার জন্য পেশিবহুল শরীর তৈরি করেছিলেন আমির। ‘দঙ্গল’-এ তাকে দেখা গেছে দুরকমভাবে। অতিরিক্ত ওজনের মধ্যবয়স্ক মহাবীর সিং ফোগাট এবং তুলনামূলক কম বয়সী ফিট চেহারা নিয়ে ওই সিনেমায় আসেন তিনি। 

‘লাল সিং চাড্ডা’তেও চরিত্রের বিভিন্ন বয়স ফুটিয়ে তুলতে চেহারা ও শারীরিক গড়নে বদল এনেছিলেন আমির।