Published : 22 Jun 2026, 11:14 PM
শুটিংয়ে জলে ডুবে মারা যাওয়া কলকাতার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ভেবে রেখেছিলেন, একমাত্র ছেলেকে নিয়ে গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তারা। কিন্তু অভিনেতার অকাল প্রয়াণ সেই পরিকল্পনা প্রিয়াঙ্কার কাছে এখন কেবলই স্মৃতি।
আক্ষেপ করে প্রিয়াঙ্কা বলেন, “সহজের (এই দম্পতির ছেলে) গরমের ছুটিতে বান্ধবগড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। সেখানে ওকে শেষ মেসেজে লিখেছিলাম, ‘ঠিক আছে এখনও অনেক সময় রয়েছে, রিসার্চ করে নেওয়া যাবে’। এটা মেনে নিতে পারছি না।
“আসলে আমরা ভাবি অনেকটা সময়, আসলে সময় নেই। সময় থাকতে থাকতে সবটা করে নেওয়া উচিত।”
গেল ২৯ মার্চ পশ্চিমবঙ্গের দিঘাসংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে পানিতে নেমে তলিয়ে যান রাহুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাহুলের মৃত্যুর ঘটনাকে ঘিরে দুইটি মামলা হয়েছে। পশ্চিমবঙ্গের ‘আর্টিস্ট ফোরামের’ সদস্যরা মৃত্যুর ঘটনা তদন্তে শুটিং বন্ধ করে আন্দোলনেও নামে। এর পর মামলার কাজ তেমন গতিতে এগোয়রনি।
রাহুলের মৃত্যুর আড়াই মাস পর কলকাতার বাংলা দৈনিক ‘আনন্দবাজার’কে প্রিয়াঙ্কা কয়েকটি বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন।
কথায় কথায় প্রিয়াঙ্কা বলেছেন, নিজেকে কাজের ব্যস্ততায় ‘ডুবিয়ে রেখেছেন’ তিনি। ১০ বছর বয়সি ছেলে সহজও নিজের মত করে গরমের ছুটি কাটাচ্ছে।
“ও গান নিয়ে ব্যস্ত, কম্পিউটার, গেমস-সব নিয়ে সময় কাটাচ্ছে। বন্ধুরাও রয়েছে ওর সঙ্গে। আমি যতটা পারছি ওকে সময় দিচ্ছি। বাড়ির সবাই সময় করে দেখা করছে ওর সঙ্গে। রাহুলের মায়ের কথাও আমি বলব না যে খুব ভালো আছেন, সেটা বলার অধিকারও নেই। আমরা নিজেদের মত করে চেষ্টা করছি কঠিন সত্যটা মেনে নেওয়ার। সময়ের সঙ্গে সবটা সহজ হয় না। আসলে নিজেকে বোঝাতে হয়, সেটাই করছি।”
রাহুলের পরিবারকেও সামলাতে হচ্ছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
সবাইকে নিজের কাছে ফেরার পর প্রিয়াঙ্কা ভেঙে পড়েন কী না জানতে চাইলে বলেন, “আসলে আমি অনেকটা সময় চুপ থেকেছি ঠিকই। কিন্তু আমিও ভেঙে পড়েছি। যখন রাহুলের এ খবরটা তার মাকে দিতে হয়েছিল, আর তার কিছুক্ষণ পরই ছেলেকে দিতে হয়েছে, তার পর মনে হবে... না, মানে ঠিক বলে বোঝাতে পারব না। আসলে এর কোনও ক্লোজার হয় না। আসলে আমাকে শক্ত থাকতেই হয়েছে।”
কাজের ক্ষেত্রে রাহুলের সহযোগিতা সব সময়ই পেয়েছেন বলে প্রিয়াঙ্কা জানিয়েছেন।
রাহুলের মৃত্যুর তদন্তের গতিপথ নিয়ে প্রিয়াঙ্কা বলেন, “এই মুহূর্তে আপডেট দেওয়ার মত খবর আমার কাছে কিছু নেই। যেগুলো রয়েছে সে বিষয়েও কিছু বলতে পারব না। কারণ এর একটা আইনি দিক রয়েছে। কিন্তু আমরা আশাবাদী।
“এই আশা করা ছাড়া আমাদের কাছে কোনও অপশন নেই। শুরুর দিন থেকে আমি প্রত্যেককে পাশে পেয়েছি। এটা শুধু আমাদের পরিবারের দাবি নয়। ইন্ডাস্ট্রির সকলেই উত্তর চান যে কী ভাবে এই ঘটনা ঘটল।”