১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘উৎসবের’ শো বেড়েছে, কমেছে ‘তাণ্ডবের’, ‘টগর’ নেই

ঈদের পর তৃতীয় সপ্তাহে এসে মুক্তি পাওয়া ৬টি সিনেমার কোনটির কয়টি শো চলছে তা দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোর সাইটে।

‘উৎসবের’ শো বেড়েছে, কমেছে ‘তাণ্ডবের’, ‘টগর’ নেই
‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমার পোস্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ঈদ শেষে তৃতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সে শো বেড়েছে জাহিদ হাসানের 'উৎসব' সিনেমার। অন্যদিকে সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডবের’ শোয়ের সংখ্যা কিছুটা কমেছে । 

আর দর্শকের আগ্রহ না থাকায় হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে 'টগর' সিনেমাটি।

ঈদের পর তৃতীয় সপ্তাহে এসে মুক্তি পাওয়া ৬টি সিনেমার কোনটির কয়টি শো চলছে তা দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোর সাইটে।

স্টার সিনেপ্লেক্সে শনিবার থেকে ‘তাণ্ডব’ সিনেমার শো চলছে ৪০টি, আগে এই সিনেমার শো ছিল ৪৬ টি। লায়ন সিনেমাসে শো চলছে ৫টি, গেল সপ্তাহে ছিল ৭টি। এছাড়া ব্লকবাস্টার সিনেমাসে এই সিনেমার শো চলছে ৭টি, আগে যেখানে ছিল ১৩টি।

‘তাণ্ডব’ সিনেমার পর, শো সংখ্যায় এগিয়ে ছিল সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’। দ্বিতীয় সপ্তাহে এসে শো কমেছে এই সিনেমাটিরও। সিনেপ্লেক্সে চলছে ৬টি শো, ব্লকবাস্টারে ৩টি এবং লায়নে ২টি।

তবে দ্বিতীয় সপ্তাহ থেকে এগিয়ে গেছে তানিম নূর পরিচালতি ‘উৎসব’। প্রথম সপ্তাহে শো সংখ্যা কম হলেও দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে তা বেড়ে দ্বিগুণ হয়েছে। 

সিনেপ্লেক্সে উৎসবের শো চলছে ২০টি, যা আগের সপ্তাহে ছিল ১৩টি। ব্লকবাস্টার সিনেমাসে চলছে প্রতিদিন ৫টি করে শো আর লায়ন সিনেমাসে ২টি।  

অন্য সিনেমাগুলোর মধ্যে সিনেপ্লেক্সে 'নীলচক্র' শো পেয়েছে ১টি, 'এশা মার্ডার কর্মফল' ২টি। লায়ন সিনেমা হল থেকে ২টি সিনেমাই নামিয়ে ফেলা হয়েছে। একই অবস্থা ব্লকবাস্টার সিনেমায়ও।

যে সিনেমাগুলোর দর্শক চাহিদা রয়েছে সেগুলো শো বেড়েছে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি  বলেন, "ঈদের সিনেমাগুলো বেশ ভালো চলছে। শাকিব খানের তো আলাদা দর্শক শ্রেণি আছে তাই এই সিনেমার শো সংখ্যা সব থেকে বেশি। 

“ছুটির দিনে আমরা দর্শক বেশি পাচ্ছি, শো হাউসফুল যাচ্ছে। বিশেষ করে ‘উৎসব’ সিনেমার দর্শক চাহিদা বেড়েছে। আমরা শো সংখ্যাও দ্বিগুণ করেছি।“

 মেসবাহ উদ্দিন আহমেদের ভাষ্য, "বিগত বছর গুলোতেও দেখেছি ঈদের সময় আমাদের দর্শকের একটা জোয়ার থাকে। এই ঈদেও তাই।”

চতুর্থ ও পঞ্চম সপ্তাহ পর্যন্ত এই দুই সিনেমার দর্শক চাহিদা ভালো থাকবে বলে আশা করছেন মেসবাহ উদ্দিন।

'উৎসব': নস্টালজিয়ার অ্যালবামে উল্টে দেখা এক সফর

তাণ্ডবে নায়ক কেশাকিব নাকি চিত্রনাট্য

শুভর 'নীলচক্র': চক্রের শেষ কোথায়শেষ দৃশ্য জমল কি?