১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফুটবল ও সংগীতের মেলবন্ধনে ঢাকায় হচ্ছে ‘সকারামা’

'সকারামা' কনসার্টে পারফর্ম করবে চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার ব্যান্ড।

ফুটবল ও সংগীতের মেলবন্ধনে ঢাকায় হচ্ছে ‘সকারামা’
‘সকারামা’ কনসার্টের পোস্টার। ছবি: ফেইসবুক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 06:22 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ফুটবল ও সংগীতকে একসঙ্গে করে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ নামের এক বিশেষ কনসার্টের। যেখানে একসঙ্গে পারফর্ম করবে দেশের চার ব্যান্ড। 

মঙ্গলবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে এ অনুষ্ঠান। মূল আয়োজন হিসেবে থাকছে বিশ্বকাপ মাতানো আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি। তাকে সম্মান জানিয়েই এই আয়োজন।    

সকারামা কনসার্টে পারফর্ম করবে চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার ব্যান্ড। 

কনসার্টের খবর জানিয়ে চিরকুট ব্যান্ড তাদের ফেইসবুক লিখেছে, "১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপ কাঁপানো আর্জেন্টাইন সুপারস্টার ক্লদিও ক্যানিজিয়া আসছেন ঢাকায়, ১৮ অগাস্ট। কী এক অনবদ্য ডিটারমিনেশন আর অরা নিয়ে খেলতেন তিনি! তার জন‍্য পারফর্ম করব, সুপার এক্সাইটেড। বিশ্ব ফুটবলের গ্লোরিয়াস এই আইকনকে সেলিব্রেট করতে আয়োজন করা হচ্ছে কনসার্ট সকারামা, যেখানে চিরকুট লাইভ গাইবে ইউনাইটেড কনভেনশন সেন্টারে।"

ব্যান্ড অড সিগনেচার লিখেছে, "১৮ অগাস্ট ‘ইউনাইটেড কনভেনশন সেন্টারে’ আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে পরিবেশনায় থাকব আমরা। সংগীত ও ফুটবলের যুগলবন্দিতে দিনটি হয়ে উঠবে উৎসবমুখর। এই আয়োজনে অন্যতম বড় আকর্ষণ হিসেবে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। এই অবিস্মরণীয় উদযাপনে আপনাদের সবাইকে আমন্ত্রন। দেখা হচ্ছে সেখানে!" 

একইভাবে নেমেসিস ব্যান্ড লিখেছে, "আসছে দারুণ এক মুহূর্ত। প্রিয় মানুষের সম্মানে, প্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে। দেখা হবে ১৮ অগাস্ট।" 

কনসার্টটি আয়োজন করছে লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড। মঙ্গলবার বিকাল ৩টায় থেকে শুরু হবে এই কনসার্ট।

আয়োজকরা জানিয়েছে, ইতিমধ্যে শুরু হয়েছে সকারামা কনসার্টের অগ্রিম টিকেট বিক্রি। তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকেট। মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা (সিলভার), ৩ হাজার টাকা (গোল্ড) এবং ১০ হাজার টাকা (প্লাটিনাম)। টিকেট পাওয়া যাচ্ছে টিকিফাই প্ল্যাটফর্মে।