১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের নতুন গান 'ঐ সম্মোহনের সুর'

আইয়ুব বাচ্চুর বেশ কিছু জনপ্রিয় গানের শিরোনাম ও কথামালার সমন্বয়ে গানটি সাজানো হয়েছে।

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের নতুন গান 'ঐ সম্মোহনের সুর'
'ঐ সম্মোহনের সুর' গানের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 01:52 AM

Updated : 11 Sep 2026, 03:51 PM

প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে মৌলিক গান নিয়ে এসেছে ব্যান্ড 'লিডিয়ান'। 

'ঐ সম্মোহনের সুর' শিরোনামের গানটি প্রয়াত এই শিল্পীর জন্মবার্ষিকী ঘিরে প্রচারে এসেছে। 

আইয়ুব বাচ্চুর বেশ কিছু জনপ্রিয় গানের শিরোনাম ও কথামালার সমন্বয়ে গানটি সাজানো হয়েছে। সঞ্জয় রায়ের কথায় গানটির সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদার।

তিনি বলেন, “বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের একান্ত আর্তি থেকেই এ গানটি আমরা তার জন্মদিন উপলক্ষে উৎসর্গ করছি। তার জনপ্রিয় কিছু গানের কথা নিয়ে কাজটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে।”

বাচ্চুর সঙ্গে স্মৃতির কথা তুলে ধরে রাজেশ বলেন, “মৃত্যুর কিছুদিন আগেও বাচ্চু ভাই একটি মিউজিক স্কুল গড়ে তোলার স্বপ্নের কথা আমাকে জানিয়েছিলেন। তার রেখে যাওয়া সেই স্বপ্ন আমাদের সম্মিলিতভাবে পূরণ করতে হবে।”

রোববার থেকে লিডিয়ান ব্যান্ডের অফিশিয়াল ফেইসবুক পেইজে গানটি শোনা যাচ্ছে। 

রাজেশ মজুমদারের নেতৃত্বে গত এক দশক ধরে আইয়ুব বাচ্চুর রক ধারাকে ধারণ করে গান করে আসছে 'লিডিয়ান'। ব্যান্ডটির অন্য সদস্যরা হলেন লিড গিটারে রিন্টু, কিবোর্ডে পুলক, বেইজ গিটারে রিভান এবং ড্রামসে তাপস মজুমদার।