Published : 26 Jan 2026, 09:17 PM
হাতে রামের ঘড়ি পরার পরে এবার গলায় ঝুলিয়েছেন রুদ্রাক্ষের মালা। বলিউডি নায়ক সালমান খানের এমন ছবি প্রকাশের পর তার ভক্ত অনুরাগীরা কৌতূহলী হয়ে পড়েছেন।
তাদের কথা, তবে কি ধার্মিক হয়ে উঠেছেন ভাইজান?
এর মধ্যে পোষ্য নিয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সালমান। ওই ছবিতে নজর কেড়েছে অভিনেতার গলায় স্বর্ণের তৈরি রুদ্রাক্ষের মালা।
এর আগে অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার পরেই সালমানকে হাতে ‘এপিক এক্স রাম জন্মভূমি এডিশন ২’ ঘড়ি পরতে দেখা যায়।
গত কয়েক বছর ধরে জ্যোতিষশাস্ত্রের উপরে আস্থা বেড়েছে অভিনেতার। আঙুলে নীলা পরতে দেখা গিয়েছে তাকে। তাই অনুরাগীদের একটা অংশের ধারণা, জ্যোতিষের পরামর্শেই এমন মালা গলায় তুলেছেন সালমান।
এই অভিনেতা এমনিতে সব ধর্মের প্রতিই অনুরাগী। তিনি জন্মসূত্রে মুসলিম হলেও তাদের বাড়িতে ঘটা করে গণেশ চতুর্থী, দীপাবলী এবং ঈদ উদযাপন হয় বলে বলেছিলেন।
সালমান বলেছিলেন, “আমার বাবা মুসলিম, মা হিন্দু ধর্মের মানুষ। আবার আমার দ্বিতীয় মা খ্রিস্টান ধর্মের। তাই সব ধরনের সংস্কৃতি এবং ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করেছি। আমার কাছে সব ধর্মই সমান। প্রত্যেকেরই উচিত সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা।”
সালমানের বাবা চিত্রনাট্যকার প্রযোজক সেলিম খান সুশীলা চরককে বিয়ে করেছিলেন ১৯৬৪ সালে। সুশীলা যদিও পরিচিত সালমা নামে। সেলিম খান ও সালমা দম্পতির চার সন্তান। তারা হলেন-আরবাজ খান, সালমান খান, সোহেল খান ও আলভিরা খান।
এরপর ১৯৮১ সালে সেলিম খান হিন্দি সিনেমার ওই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেলেনকে বিয়ে করেন। এই দম্পতি পরবর্তীতে একটি মেয়েকে দত্তক নেন, তার নাম অর্পিতা।