Published : 05 Apr 2026, 09:16 PM
দর্শক ও হল মালিকদের আগ্রহে মুক্তির চতুর্থ সপ্তাহে দেশের একক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে আফরান নিশো অভিনীত 'দম' সিনেমা।
প্রযোজক শাহরিয়ার শাকিল মুক্তির আগেই ঘোষণা দিয়েছিলেন, পাইরেসি বন্ধে প্রথম দুই সপ্তাহ সিনেমাটি কেবল মাল্টিপ্লেক্সে চলবে। এবার তিনি জানিয়েছেন, চতুর্থ সপ্তাহে সিনেমাটি একক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
শাকিল বলেন, "সবার একটাই প্রশ্ন ছিল, বাংলাদেশের যত সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে ‘দম’ কবে আসবে। আমাদের একটা সুচিন্তিত সিদ্ধান্ত ছিল যে, সিঙ্গেল স্ক্রিনে প্রথম দুই বা তিন সপ্তাহ মুক্তি দিব না। সেই সিদ্ধান্ত থেকেই এতদিন দম শুধুমাত্র মাল্টিপ্লেক্সে চলেছে। এখন দর্শক ও হল মালিকদের আগ্রহে আগামী ২৪ এপ্রিল থেকে সারাদেশে সকল সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পাবে ‘দম’।"
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ঈদের সিনেমা ‘দম’। যেখানে দেখা গেছে, এনজিও কর্মী শাহজাহান ইসলাম নূর আফগানিস্তানে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে বন্দি হন। সেই বন্দিদশা থেকে নূরের পরিবারের কাছে বেঁচে ফেরার আকুতি ও মানবিক গল্পের সিনেমা 'দম'।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী; তাদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, আবুল হায়াত, ডলি জহুরসহ অনেকে।
সিনেমার বড় অংশের দৃশ্যধারণ হয়েছে কাজাখস্তানে। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
এই সিনেমার বিশেষ আকর্ষণ কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের প্লেব্যাক করার ঘটনা। দীর্ঘ ৪৪ বছর পর তিনি তার কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য গেয়েছেন।
মুক্তির আগে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি ‘ইউ’ গ্রেডে সনদ পায়। অর্থাৎ সিনেমাটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী।
এছাড়া পরিচালক রেদওয়ান রনি এই সিনেমা দিয়ে প্রায় দশ বছর পর বড় পর্দায় ফিরেছেন।
‘দম’ এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।