Published : 08 Jul 2025, 05:02 PM
ব্ল্যাকপিংক অবশেষে মঞ্চে ফিরেছে, সিউলের কাছের গোয়াং শহরের স্পোর্টস কমপ্লেক্সে ‘ডেডলাইন’ কনসার্ট ‘মাতিয়ে’ দিয়েছেন ব্যান্ডের চার গায়িকা।
বিলবোর্ড লিখেছে, দুবছর পর শনি ও রোববার পরপর দুদিন কনসার্টে গান করেছেন রোওজি, জেনি কিম, লিসা ও জিসু। এই দুদিনে ৭৮ হাজার ভক্ত কনসার্ট উপভোগ করেছেন। এই কনসার্টের মধ্য দিয়ে ‘ডেডলাইন’ ট্যুর শুরু করল ব্ল্যাকপিংক।
তবে চমক ছিল আরেক জায়গায়, কনসার্টের দ্বিতীয় রাতে র্যাপার গার্লদের গান শুনতে গিয়েছিলেন কে-পপ তারকা জো-হোপও। কালো গেঞ্জি ও চোখে কালো সানগ্লাস পরা জে-হোপকে দেখে দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়।
কনসার্ট শুরুর আগে অন্য শিল্পীরা যখন গান গাইছিলেন, সেই সুরের তালে জে-হোপকেও নাচতে দেখা যায়।
মঞ্চে ব্ল্যাকপিংক ‘কিল দিজ লাভ’ ধরতেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। ‘হাউ ইউ লাইক দ্যাট’, ‘প্লেয়িং উইথ ফায়ার’ আর ‘শাটডাউন’সহ নিজেদের জনপ্রিয় আরো কিছু গান পরিবেশন করে ব্ল্যাকপিংক।
কনসার্টে জিসু তার নতুন একক গান ‘আর্থকোয়েক’ ও ‘ইয়োর লাভ’ শুনিয়েছে; লিসা পরিবেশন করেন ‘নিউ ওম্যান’ ও ‘রকস্টার’।
জেনি ‘মন্ত্র’ ও ‘লাইক জেনি’ গেয়েছেন আর রোওজি গেয়েছেন ‘৩ এএম’, ‘টক্সিক টিল দ্য এন্ড’ এবং তার হিট গান ‘আপাতে আপাতে’।
কনসার্টের মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয় যখন ব্ল্যাকপিংক তাদের নতুন গান ‘জাম্প’ গেয়ে শোনান।

জিসু বলেন, “গানটি একবার শুনে মন ভরে? বারবার শোনার মত, তাই না? আমরা চেয়েছি, আপনারা প্রথমবার গানটা শুনুন।”
জেনি বলেন, “গোয়াং থেকে ট্যুর শুরু করতে পেরে আমরা কৃতজ্ঞ। বিশ্বের সব ব্লিঙ্কের সঙ্গে আবার দেখা হওয়ার জন্য অপেক্ষা করে আছি আমরা।”
দুদিনে ব্ল্যাকপিংক ২৭টি গান শুনিয়েছে। সেগুলোর মধ্যে ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর পাশাপাশি চার সদস্যের একক গান ছিল।
লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, লন্ডনসহ ১৬ শহরে মোট ৩১টি কনসার্টে গান শোনানোর কথা রয়েছে ব্ল্যাকপিংকের।
২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ শিরোনামের গানটি নতুন করে আলোচনায় আনে দলটিকে।
তাদের সর্বশেষ সাফল্য হল যুক্তরাজ্যের চার্টে শীর্ষস্থান দখল করা। এ দলের পাঁচটি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ কোটি বার দেখা হয়েছে। ৮ কোটির বেশি সাবক্রাইবার রয়েছে তাদের।
ভিন্নধর্মী গায়কী ও নাচের তালে মাত্র কয়েক বছরেই তরুণ শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছে ব্ল্যাকপিংক। ইউরোপ থেকে এশিয়া, গানের উন্মাদনায় শ্রোতাদের বুঁদ করে রেখেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ডটি।
২০২২ সালে টাইম ম্যাগাজিনের ‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ হয় কোরিয়ান পপের এই ব্যান্ড দল।
ব্ল্যাকপিংকের ভক্তদের বলা হয় ‘ব্লিংক’।