Published : 16 Jul 2026, 04:21 PM
বিচারহীন ও উপেক্ষিত মানুষের জীবনের না-বলা গল্পে নাট্যদল তাড়ুয়ার নাটক ‘আদমসুরত’ এর চারটি নতুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।
দুইদিনই বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির দুইটি করে প্রদর্শনী হবে।
‘আদমসুরত’ নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। এটি তাড়ুয়া নাট্যদলের দ্বিতীয় প্রযোজনা।
নাটকের গল্প ও প্রেক্ষাপট নিয়ে নির্দেশক বাকার বকুল বলেন, "আমাদের রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত ঘটে চলা নানাবিধ অমানবিক ঘটনা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে অনেক ঘটনাই আড়ালে আবডালে হারিয়ে যায়, কখনো লোকচক্ষুর সামনেই আসে না; বিচার পাওয়া তো অনেক দূরের কথা। এই ভূখণ্ডের বহু মানুষের জীবনের এমন কিছু টুকরো ঘটনা আর না-বলা মুহূর্তকে উপজীব্য করেই গড়ে উঠেছে ‘আদম সুরত’।"
তার কথায়, “নাটকের দৃশ্যগুলো একটা দম বন্ধ করার অনুভূতি দিবে দর্শকদের।”

এর আগে ‘আদমসুরত’ নাটকের প্রদর্শনীগুলোতে দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে। এবারও হলভর্তি দর্শক নাটকটি উপভোগ করবেন বলে আশাবাদী তাড়ুয়ার নাট্যকর্মীরা।
নাটকটিতে অভিনয় করছেন প্রায় ২৫ জন নাট্যকর্মী। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সুচিত্রা রায়, খায়রুল আলম হিমু, দিপু রহমান, খালিদ বিন নাসির, এনায়েত মুকুল, সাগর মাহমুদ, ইফতি আহমেদ, সরকার জিয়াদ সাব্বির, আনন্তি হোসেন, কানিজ নুসাইবা সালাম, ফাতেমাতুজ জহুরা মহুয়া, স্বর্ণালী চৈতী, মৃত্তিকা মাটি, রিয়া দেবনাথ, মেজবাউল হাসান অর্ণব, ফারদিন রিয়াদ, রাতুল আহম্মেদ, আবুল হায়দার কাঞ্চন, প্রণয় প্রসাদ পাল, তানভীর হোসেন, অমিত নিয়াজ, রুম্মান শাহরিয়ার শুভ ও রূপক দাশসহ আরও অনেকে।
আয়োজকরা জানিয়েছেন, অনলাইন ছাড়াও ফোনে নাটকটির অগ্রিম টিকেট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া প্রদর্শনীর দিন হল কাউন্টারেও টিকেট পাওয়া যাবে।
২০১৮ সালে লেট মি আউট নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে তাড়ুয়া।