Published : 26 Jun 2026, 08:42 PM
কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আধুনিক সাইবার অপরাধ এবং এর বিরুদ্ধে তিন প্রবীণের এক দুঃসাহসিক প্রতিরোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক 'দাদী ভয়ঙ্কর'।
নাটকে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর।
প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই তুলে ধরা এই পারিবারিক নাটকটি খুব শিগগিরই 'এসআরকে টিভি' এবং 'এসআরকে টিভি প্লাস' ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
নাটকটি নির্মাণ করেছেন রাহাত কবির। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান এবং আরশ খান ও প্রিয়ন্তী উর্বী।

নাটকের গল্প নিয়ে রাহাত কবির বলেন, দিলারা জামান অভিনীত 'দাদী' চরিত্রটি বর্তমান যুগের ছেলে-মেয়েদের সাথে তাল মিলিয়ে চলতে চান। সবসময় একটু আধুনিক হওয়ার এই ইচ্ছায় তার প্রিয় নাতি জায়ান তাকে সাহায্য করে। নাটকে জায়ান চরিত্রে অভিনয় করছেন আরশ খান।
জায়ানের সঙ্গে দাদীর সম্পর্কটা একদম বন্ধুর মত, নাতিও দাদীর সব ধরনের আহ্লাদ ও আবদার সবসময় পূরণ করে। আধুনিক হওয়ার প্রথম ধাপ হিসেবে জায়ান তার দাদীকে একটি ফেইসবুক অ্যাকাউন্ট খুলে দেয় এবং দাদীও সেটি নিয়মিত ব্যবহার শুরু করেন। ফেইসবুকের সহায়তায় দাদী খুঁজে পান তার স্কুল জীবনের পুরনো এক বন্ধুকে, যে চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত।
একদিন ইন্টারনেটের প্রতারক চক্রের ফাঁদে পড়ে জীবনের সমস্ত সঞ্চয় হারান আশি বছর ছুঁইছুঁই এই দাদী। এই ঘটনার পর দাদী ও তার স্কুল জীবনের দুই প্রবীণ বন্ধু আবুল হায়াত ও ডলি জহুর এক হয়ে এক অভিযানে নেমে পড়েন। সেই গল্পই দেখা যাবে নাটকে।

নির্মাতা গ্লিটজকে জানিয়েছেন, বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। পাশাপাশি আরও একদিনের শুটিং রয়েছে। এরপর চূড়ান্ত সম্পাদনা শেষ করে মুক্তির তারিখ ঠিক করবে প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রত্যাশার কথা জানিয়ে নির্মাতা বলেন, “আমরা তো সাধারণত একটু রোমান্টিক কাজ বেশি করি, কমেডি কাজ বেশি করি, কিন্তু একটু পারিবারিক গল্পের কাজ খুব একটা করা হয় না। আগে আমরা যেরকম ফ্যামিলি ড্রামা দেখতাম, ওই গল্পগুলা প্রায় হারিয়ে যাচ্ছে। সেই ভাবনা থেকেই এই ফ্যামিলি ড্রামা।”
তিনি আরও বলেন, “যেহেতু পারিবারিক গল্প, টেকনোলজির বিষয়টাও এসেছে আবার নবীর প্রবীণদের একসঙ্গে নিয়ে কাজটি করেছি। আমি আশা রাখতাছি গল্পটা খুব ভালোভাবেই দর্শক গ্রহণ করবে।”