১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ারফেজের দুই অ্যালবামের নামে এল দুটি জিপো লাইটার

“এই জিপো লাইটারে ব্যান্ডের শুরুর সময়, আমাদের অভিজ্ঞতা, পরিবর্তন ও গল্প বলার ধারা এই তিনটি বিষয়কে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে।"

ওয়ারফেজের দুই অ্যালবামের নামে এল দুটি জিপো লাইটার
বাজারে এসেছে ওয়ারফেজের স্মারক দুই জিপো লাইটার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 08:42 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ‘ওয়ারফেজের’ বিশেষ জিপো লাইটার বাজারে এসেছে। সোমবার ব্যান্ডটির সঙ্গে জিপো লাইটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।  

ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু গ্লিটজকে বলেন, "দক্ষিণ এশিয়ার প্রথম অফিসিয়াল জিপো লঞ্চ হল আমাদের ব্যান্ডকে কেন্দ্র করে। ওয়ারফেজের সংগীত সবসময় প্রজন্মের অনুভূতির সঙ্গে যুক্ত রেখে আমরা করে এসেছি। জিপোর মত একটি আইকনিক ব্র্যান্ডের সঙ্গে এই সম্পৃক্ততা আমাদের জন্য অত্যন্ত সম্মানের।"

টিপু বলেন, “সোমবার দুটি অ্যালবামের এক্সক্লুসিভ জিপো সংস্করণ উন্মোচন করা হয়েছে। একটি আমাদের প্রথম অ্যালবাম 'ওয়ারফেজ' এবং অন্যটি 'পথ চলা' অ্যালবামের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। 

“এই জিপো লাইটারে ব্যান্ডের শুরুর সময়, আমাদের অভিজ্ঞতা, পরিবর্তন ও গল্প বলার ধারা এই তিনটি বিষয়কে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে।" 

টিপু জানান, বাংলাদেশে জিপোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম পরিচালনা করবে লাক্সকো ট্রেডিং লিমিটেড। জিপো বাংলাদেশের অফিসিয়াল প্ল্যাটফর্মে পাওয়া যাবে লাইটার দুটি।   

বিজ্ঞপ্তিতে লাক্সকো ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরফান হোসেন বলেন, "জিপোর মাধ্যমে আমরা বাংলাদেশে একটি কালেক্টেবল সংস্কৃতি গড়ে তুলতে চাই।" 

লাইটার ব্র্যান্ড জিপোর ইতিহাস প্রায় শত বছরের। সংগীতশিল্পী থেকে কালজয়ী ব্যান্ড, অভিনেতাদের জন্য বিশেষ জিপো বানিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা বেড়েছে ব্র্যান্ডটির। 

এর মধ্যে রকস্টার এলভিস প্রিসলি, এরিক ক্ল্যাপটন, বব মার্লে, জনি ক্যাশ, জেরি গার্সিয়া এবং ব্যান্ড দল বন জোভি, মেটালিকা, আয়রন মেইডেন, গানস এন রোজেস, এসি/ডিসির বিভিন্ন ডিজাইনের বিশেষ জিপো রয়েছে। 

১৯৮৪ সালের ৫ জুন যাত্রা করে ‘ওয়ারফেজ’। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে।

২০২৪ সালে দলটি সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করে, এই দীর্ঘপথচলাকে ঘিরে ওই বছরের অগাস্ট থেকে দলটি দেশ-বিদেশে লিগ্যাসি কনসার্ট ট্যুর করে।

কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য তা আপাতত স্থগিত। 

‘ওয়ারফেজ’ তাদের ‘পথচলা ২’ নামে একটি অ্যালবামের কাজ করছে। যেখানে তাদের পুরনো গানগুলো ফিরছে নতুনভাবে। অ্যালবামের দুটি গান ‘অন্ধ জীবন’ ও ‘অবাক ভালোবাসা’ প্রকাশ হয়েছিল ২০২৪ সালে।  

টিপু জানিয়েছেন, ‘পথচলা ২’ অ্যালবামের কাজ চলছে, আরও দুই একটা গান প্রচার হবে। 

এছাড়াও সাত থেকে আটটি গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করবে ‘ওয়ারফেজ’।   

চার দশকের পথচলায় দলটি উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মত জনপ্রিয় গান। প্রকাশ পেয়েছে ব্যান্ডের আটটি অ্যালবাম