১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

১০ মাস পর ফিরছে কাভিশের স্থগিত হওয়া কনসার্ট

তবে ‘নিরাপত্তার কথা বিবেচনা করে’ আয়োজকরা এখনও কনসার্টের ভেন্যুর তথ্য প্রকাশ করেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 01:07 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

‘নিরাপত্তাজনিত কারণে’ স্থগিত হওয়ার প্রায় ১০ মাস পর অবশেষে ঢাকায় হতে যাচ্ছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’ এর সেই কনসার্ট।

নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের এই কনসার্ট। সেখানে কাভিশের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।

আয়োজক প্রতিষ্ঠান ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’ শনিবার তাদের ফেইসবুক পেইজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে।

ঘোষণায় বলা হয়, “আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলল। উপভোগ করুন দ্য ফুল মুন উইথ কাভিশ, শিরোনামহীন, মেঘদল। ওয়েভ ফেস্ট সিজন ০১।”

আয়োজকরা পোস্টে লিখেছেন, “আপনাদের আগের টিকেটগুলো এখনও কার্যকর রয়েছে। পূর্বের টিকেটধারীরা তাদের বিদ্যমান টিকেট দিয়েই শো উপভোগ করতে পারবেন। নতুন দামে শিগগিরই নতুন টিকেট পাওয়া যাবে। সাথে থাকুন, আপনাদের অপেক্ষা করাটা সার্থক হল।”

২০২৫ সালের ৫ ডিসেম্বর ঢাকার মঞ্চে এই কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে আয়োজনটি স্থগিত করা হয়।

তখন এ আয়োজনের শিরোনাম ঠিক করা হয়েছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’। এবার তা পরিবর্তন করা হয়েছে। তবে ‘নিরাপত্তার কথা বিবেচনা করে’ আয়োজকরা এখনও কনসার্টের ভেন্যুর তথ্য প্রকাশ করেননি।

আয়োজকরা জানিয়েছেন, অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ নতুন টিকেট বিক্রি শুরু হয়েছে। সাধারণ টিকেটের দাম ২,৯৯৯ টাকা এবং ভিআইপি টিকেটের দাম ৫,৪৯৯ টাকা।

১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে আত্মপ্রকাশ করা পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’ ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মত বাংলাদেশে পারফর্ম করে। 

‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’ তাদের জনপ্রিয় গান।

এদিকে দেশীয় দুই ব্যান্ডও নতুন গান ও আন্তর্জাতিক কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে। সম্প্রতি ভারতের কলকাতায় ‘মেঘের সঙ্গে চাঁদের দেখা’ কনসার্টে পারফর্ম করার পাশাপাশি কোক স্টুডিও বাংলায় ‘মুল্লুক’ শিরোনামে একটি গান প্রকাশ করেছে মেঘদল।

অন্যদিকে নিয়মিত লাইভ শোর পাশাপাশি সম্প্রতি ‘স্বপ্নের টিকিট’ শিরোনামে নতুন গান এনেছে শিরোনামহীন।