Published : 15 Mar 2026, 04:09 PM
ঈদের দুইদিন আগে প্রচারে আসছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজ।
শিহাব শাহীনের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে ওয়েব ফিল্মটি। বিজ্ঞপ্তিতে চরকিতে জানিয়েছে, স্পাই-থ্রিলার সিরিজটি দর্শকরা দেখতে পারবেন বুধবার থেকে।
‘ক্যাকটাস’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে কেন্দ্র করে। যিনি আন্ডারওয়ার্ল্ডে 'ক্যাকটাস' নামে পরিচিত। সে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার (সাইবার অপরাধী) থেকে গ্রে হ্যাট হ্যাকারে রূপান্তরিত হয়। পুলিশের হাতে ধরা পড়ে তার চার বছরের জেলও হয়। কিন্তু ক্যাকটাসকে তার চার বছরের সাজা মাফ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
এর বিনিময়ে তাকে সরকারের কোনো সাহায্য ছাড়াই একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গোপন মিশনে অংশ নিতে বলা হয়। মিশনটি করার সময় তাকে সতর্ক করা হয় সে যদি পালানোর চেষ্টা করে তাহলে তার পরিবারের ক্ষতি হতে পারে।

চরিত্রটি নিয়ে প্রীতম হাসান বলেন, “মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন”
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। সিরিজে তার চরিত্রটি দেখা যাবে অ্যাকশন লুকে।
মেহজাবীন বলেন, “এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।”
নির্মাতা শিহাব জানিয়েছেন, এই সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন তিনি।
“‘ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে এবং এর গল্পের পরিসর অনেক বড় করে চিন্তা করেছি আমরা।”
‘ক্যাকটাস’ এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল আমীন হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন।
এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।