Published : 14 Aug 2026, 03:36 PM
গান নিয়ে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস যখন বিশ্ব সফরে দেশে দেশে ঘুরছে, তখন দলের সদস্য ভি জানালেন তার শারীরিক সমস্যার কথা।
ভি বলেছেন, তার ডান কানে শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে। বিবিসি জানিয়েছে, ৩০ বছর বয়সি এই তরুণ শিল্পী বলেছেন গেল আড়াই বছর ধরে এই সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসাও চলছে। তবে এই প্রথম নিজের এই সমস্যার কথা ভক্তদের কাছে প্রকাশ করলেন তিনি।
সোশাল মিডিয়ায় লাইভে এসে এ কথা বলেছেন ভি।
তিনি বলন, “বাঁ কানের শ্রবণক্ষমতা যদি ১০০ শতাংশ ধরা হয়, ডান কানে তা এখন প্রায় ৩০ শতাংশের মত অবস্থায় আছে।"
অর্থাৎ এক কানে শ্রবণশক্তি অন্য কানের তুলনায় বেশ কম।
শুরুর দিকে ব্যাপারটা তেমন গুরুত্ব দেননি ভি।
“আমার ধারণা ছিল, এটি হয়ত ‘মানসিক শক্তির ব্যাপার’। পরে সমস্যা বাড়তে থাকায় চিকিৎসা নেই।”
এখন নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি হাসপাতালেও যাচ্ছেন ভি।
ভির আসল নাম কিম তেহিয়ং। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার নিয়মমত বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন।
২০২৫ সালের জুনে দায়িত্ব শেষ করে বাড়ি ফেরেন তিনি, গানের কাজেও সময় দেন। ভি জানিয়েছেন, সামরিক বাহিনীতে থাকার সময় শ্রবণসংক্রান্ত সমস্যা আরও বেড়ে যায়।
গেল এপ্রিল থেকে গান নিয়ে বিশ্ব সফরে বের হয়েছে বিটিএস; যা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এই সফরের নাম ‘আরিরাং’। কথা ছিল বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস। পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮টি। বিটিএসের ইউরোপ পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসের এই কনসার্ট।
কেবল বিশ্ব সফর নয় চলতি বছরে গানের নতুন অ্যালবাম প্রকাশ করেছে বিটিএস। ২০২২ সালে লাস ভেগাসে বিটিএস এর শেষ শো ছিল ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি দলটিকে।
অ্যালবাম ও ট্যুর নিয়ে দীর্ঘ বিরতির কারণ হল, এই চার বছরে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুককে যেতে হয়েছিল সামরিক প্রশিক্ষণে। যা দেশটির তরুণদের জন্য একটি বাধ্যতামূলক।
এই চার বছরে তারা যে একেবারে আড়ালে ছিলেন তা নয়। কেউ কেউ একক গান প্রকাশ করেছেন। কিন্তু বিটিএসের দলগত উপস্থিতি ছিল না। গেল বছর প্রশিক্ষণ শেষে সব সদস্য দলে ফেরেন। আর নতুন অ্যালবাম ও বিশ্ব সফরের কথা জানিয়ে দেন।
এদিকে বিটিএস এর মধ্যে আলোচনায় আসে সংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসে আগামী বছর অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ায়।
আর এই ঘোষণার পর বিটিএসের দুটি জনপ্রিয় পারফরম্যান্সের ভিডিও ‘সরিয়ে ফেলা হয়’ গ্র্যামি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইট থেকে।
ওই দুই ভিডিও হল বিটিএসের ২০২১ সালের ‘ডায়নামাইট’ ও ২০২২ সালের ‘বাটার’ গানের সরাসরি পরিবেশনা। তবে সাত তরুণের দলটির ভিডিও দুটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলসহ অন্য প্ল্যাটফর্মে আছে।
এর আগে একাধিকবার গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিল বিটিএস। তবে গ্র্যামি অ্যাওয়ার্ডস তাদের ঝুলিতে যায়নি।
২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগ চালুর ঘোষণা দিয়েছে রেকর্ডিং একাডেমি।
এর পরপরই বিটিএস তাদের সিদ্ধান্ত জানিয়েছিল। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমির নতুন ‘এশিয়ান পপ’ বিভাগ নিয়ে আপত্তি আছে ব্যান্ডটির। আর তাই গ্র্যামিতে গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে বিটিএসের ভিডিও গায়েব, সমালোচনা