সেলিম আল দীন স্মরণে শিল্পকলায় একাধিক নাটক
জাতীয় নাট্যশালায় বুধবার মঞ্চস্থ হয়েছে ‘জহরনামা’।
বাংলা নাট্যজগতের কিংবদন্তি সেলিম আল দীনের জন্মবার্ষিকী উদযাপনে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে ‘নাট্যোৎসব’।
তিন দিনের আয়োজনের দ্বিতীয় দিন বুধবার জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ‘জহরনামা’।
আনন জামানের নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তরুণ শিক্ষার্থীরা নাটকটির মঞ্চায়ন করেন।
শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নাট্যশালা মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘সুন্দরম’ এর পরিবেশনায় দেখানো হবে ‘একসাথে চলি একসাথে বাঁচি’। এ এইচ রাজন ও রফিকুল ইসলামের রচনায় এর নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
প্রতি বছর ১৮ আগস্ট সেলিম আল দীনের জন্মবার্ষিকী পালিত হয়। এদিন সকালে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত ‘নিমজ্জন’ নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।
অপরদিকে নাটকের সংগঠন ‘স্বপ্নদল’ এর তিন দিনের আয়োজন শুরু হয়েছে বুধবার। আগামীকাল বৃহস্পতিবার শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে ‘চিত্রাঙ্গদা’ নাটকের পরপর দুটি প্রদর্শনী রয়েছে। একটি দেখা যাবে বিকেল সাড়ে ৫টায়, অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
শুক্রবার একই স্থানে একই সময়ে দেখা যাবে উৎসবের সমাপনী নাটক ‘হরগজ’। সেদিন সেলিম আল দীনের কালজয়ী এ রচনা নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
