Published : 12 Jun 2026, 11:34 AM
ঈদে মুক্তির কথা থাকলেও হল অনিশ্চয়তায় থাকা 'দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল' নামের সিনেমাটি এখন প্রেক্ষাগৃহ পেয়েছে।
শুক্রবার থেকে দেশের দুইটি মাল্টিপ্লেক্সে চলবে সিনেমাটি।
সিনেমার পরিচালক আকাশ হক গ্লিটজকে বলেছেন, 'দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল' মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাসে মুক্তি পাচ্ছে।"
কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি পাওয়ার কারণে হল বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়।
সেমসয় আকাশ গ্লিটজকে বলেছিলেন, "আমরা ঘোষণা দিয়েছি যেহেতু ঈদে রিলিজ দেব। প্রিপারেশন নিচ্ছি। তবে এখনো সব কনফার্ম করতে পারিনি। এই বছর অনেকগুলো সিনেমা একসঙ্গে মুক্তি দেওয়ার চেষ্টা করছে, তাই প্রথম দিন না পেলেও যেকোনো এক সময় অর্থাৎ মুক্তির এক সপ্তাহের মধ্যেই আমরা যে কোনো সিনেমা হলে মুক্তি দিতে পারব।"
বাজেট সীমাবদ্ধতার কথা জানিয়ে আকাশ বলেছিলেন, "এটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। শুধু সিনেমা বানাতে যত টাকা লাগবে অত টাকাই সংগ্রহ করা হয়েছে। অন্য সময় রিলিজ দিলে শুধু সিনেমার অস্তিত্ব জানান দিতেই যে পরিমাণ মার্কেটিং খরচ লাগত, সেটা দিয়ে আরেকটা সিনেমা বানানো যাবে। ঈদের সময় সিনেমা মুক্তি নিয়েই একটা আলোচনা থাকে। আমাদের যেহেতু বিনিয়োগকারী নিয়ে তাই এই ঈদের সময়ের মনোযোগ পেতেই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া।"

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল কালচার ও ছাত্র রাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিনেমাটি নিয়ে আকাশ বলেন, "১৪২ মিনিট দৈর্ঘ্যের এটি রাজনৈতিক স্যাটায়ার সিনেমা। এতে সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরার একটা প্রয়াস আমাদের ছিল। সব মিলিয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ শুধু একটি সিনেমা নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক চেষ্টা। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে সিনেমাটি এবারের উৎসবে দর্শকদের আলাদা করে ভাবাতে পারে।'
সিনেমায় অভিনয় করেছেন একগুচ্ছ নতুন মুখ। তারা হলেন-ববি বিশ্বাস, দেবদ্যুতি আইচ, রকি খান, চয়ন মণ্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।